চিংড়িহাটায় কাটল দেড় বছরের মেট্রো-জট! সবুজ সংকেত দিল পুলিশ, খুশির খবর নিত্যযাত্রীদের জন্য

দীর্ঘ দেড় বছরের প্রতীক্ষার অবসান। অবশেষে চিংড়িহাটায় নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রো প্রকল্পের (অরেঞ্জ লাইন) থমকে থাকা কাজ শুরুর অনুমতি দিল পুলিশ। রেল বিকাশ নিগম লিমিটেড (RVNL) সূত্রে খবর, আগামী ১৫ ও ২২ মে তাদের কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে ট্রাফিক ব্লক ও পুলিশি ছাড়পত্র না মেলায় এই গুরুত্বপূর্ণ প্রকল্পের কাজ আটকে ছিল, যা নিয়ে বুধবারও সংসদে উষ্মা প্রকাশ করেছিল রেলমন্ত্রক।

চিংড়িহাটায় মেট্রোর স্তম্ভের ওপর কংক্রিটের স্ল্যাব বসানোর কাজ আটকে থাকায় প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। বিষয়টি আদালত পর্যন্ত গড়ালে রাজ্য সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করেছিল সুপ্রিম কোর্ট। রাজ্যের পক্ষ থেকে নির্বাচনী আচরণবিধি ও যানজটের দোহাই দেওয়া হলেও শীর্ষ আদালত তা খারিজ করে দেয়। অবশেষে বিধানসভা ভোটের পরেই মিলল বহুকাঙ্ক্ষিত অনুমতি।

মেট্রো রেল সূত্রে খবর, চিংড়িহাটার জট কাটলেও এই রুটে পরিষেবা শুরু হতে আরও ৭-৮ মাস সময় লাগতে পারে। বর্তমানে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে চলতি বছরের শেষের মধ্যেই সেক্টর ফাইভ পর্যন্ত মেট্রো পৌঁছে দেওয়ার। তবে নিউ গড়িয়া থেকে বেলেঘাটা হয়ে সেক্টর ফাইভের সংযোগ স্থাপন করতে আরও কিছুটা সময় অপেক্ষা করতে হবে শহরবাসীকে।