বাংলা এখন ‘মোস্ট পোলারাইজড স্টেট’! মালদহ কাণ্ডে মমতা সরকারকে নজিরবিহীন ভর্ৎসনা সুপ্রিম কোর্টের

পশ্চিমবঙ্গকে দেশের ‘সবচেয়ে মেরুকৃত রাজ্য’ (Most Polarized State) বলে তকমা দিল সুপ্রিম কোর্ট। মালদহে নির্বাচনী দায়িত্ব পালন করতে গিয়ে বিচারবিভাগীয় আধিকারিকদের আটক ও হেনস্থার ঘটনায় বুধবার নজিরবিহীন ক্ষোভ প্রকাশ করেন দেশের শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সূর্য কান্ত স্পষ্ট ভাষায় জানান, এই ঘটনা বিচারব্যবস্থার কর্তৃত্বকে চ্যালেঞ্জ করার একটি ‘নির্লজ্জ প্রচেষ্টা’ এবং এর মূল উদ্দেশ্য ছিল জুডিশিয়াল অফিসারদের মনোবল ভেঙে দিয়ে নির্বাচনী প্রক্রিয়াকে বিপথে চালিত করা।
প্রধান বিচারপতি এদিন তীব্র অসন্তোষ প্রকাশ করে বলেন, “বিকেল সাড়ে ৩টে থেকে ঘেরাও শুরু হলেও রাত সাড়ে ৮টা পর্যন্ত পুলিশ বা প্রশাসন কোনো পদক্ষেপ করেনি। এমনকি হাইকোর্টের প্রধান বিচারপতি ব্যক্তিগতভাবে ফোন করার পরেও জেলাশাসক বা পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছননি।” এই প্রশাসনিক ব্যর্থতার কারণে রাজ্যের মুখ্যসচিব (CS), ডিজিপি (DGP), এসপি (SP) এবং ডিএম (DM)-দের শো-কজ করেছে আদালত।
বিচারপতি জয়মাল্য বাগচি সাফ জানিয়েছেন, সরকার বা বিরোধী—সবারই এই নক্কারজনক ঘটনার নিন্দা করা উচিত। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে সিবিআই (CBI) অথবা এনআইএ (NIA)। সেই সঙ্গে বিচারবিভাগীয় আধিকারিকদের পরিবার ও সম্পত্তির নিরাপত্তার জন্য অবিলম্বে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে।