ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার অভিযোগে মালদা জেলায় উত্তেজনা থামার লক্ষণ নেই। গতকাল মোথাবাড়িতে বেনজির তাণ্ডবের পর আজ সকালেও জেলার বিভিন্ন প্রান্তে বিক্ষোভ ও পথঅবরোধের ছবি ধরা পড়েছে। এবার উত্তপ্ত হয়ে উঠল পুরাতন মালদা ব্লকের মঙ্গলবাড়ি এলাকা। সাপ্লিমেন্টারি তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এদিন সকাল থেকেই সরব হন স্থানীয় বাসিন্দারা।
নারায়ণপুরের বিএসএফ (BSF) ক্যাম্পের কাছে ১২ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ দেখান কয়েকশো মানুষ। বিক্ষোভকারীদের গুরুতর অভিযোগ, নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে একটি নির্দিষ্ট সম্প্রদায়ের, বিশেষ করে মুসলিমদের নাম তালিকা থেকে বাদ দিচ্ছে। এই সাম্প্রদায়িক বঞ্চনার অভিযোগ তুলে দীর্ঘক্ষণ জাতীয় সড়ক অচল করে রাখা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে প্রচুর পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ান। গতকালের অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি রুখতে প্রশাসন অত্যন্ত সতর্ক। তবে তালিকা সংশোধন নিয়ে মানুষের ক্ষোভ যে স্তরে পৌঁছেছে, তাতে জেলা জুড়ে চরম অস্থিরতা তৈরি হয়েছে।





