২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই উত্তপ্ত বাংলার রাজনীতি। কিন্তু লড়াই শুরুর আগেই হুগলির গোঘাটে ঘাসফুল শিবিরের অন্দরে ফাটল চওড়া হওয়ার ইঙ্গিত মিলল। প্রচারের ময়দানে নেমে খোদ তৃণমূল প্রার্থী নির্মল মাজি প্রকাশ্যেই ‘অন্তর্ঘাতের’ আশঙ্কা প্রকাশ করেছেন। বুধবার বিকেলে গোঘাটের এক ভোটারের বাড়িতে বসে তাঁর এই মন্তব্য এখন জেলার রাজনীতির ‘টক অফ দ্য টাউন’।
প্রচার চলাকালীন স্থানীয় এক বাসিন্দার বাড়ির দাওয়ায় বসে বিশ্রামের সময় নির্মল মাজি আক্ষেপের সুরে বলেন, দলের ভেতর থেকেই কেউ কেউ তাঁর ক্ষতি করার চেষ্টা করছে। সরাসরি কারোর নাম না নিলেও তাঁর ইঙ্গিত ছিল দলেরই এক প্রভাবশালী গোষ্ঠীর দিকে। গত কয়েক বছর ধরে গোঘাটে তৃণমূলের একাধিক গোষ্ঠীর মধ্যে যে ঠান্ডা লড়াই চলছিল, নির্বাচনের মুখে প্রার্থীর এমন ‘সাবোতাজ’ আতঙ্ক তাকেই সিলমোহর দিল।
রাজনৈতিক মহলের মতে, বিজেপি ও বিরোধীদের লড়াইয়ের চেয়েও নির্মল মাজি এখন নিজের দলের ‘গোঁসা’ সামলাতেই বেশি ব্যস্ত। প্রার্থীর এই বিস্ফোরক দাবি গোঘাটে তৃণমূলের জয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করা হচ্ছে। একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় একজোট হয়ে লড়াইয়ের ডাক দিচ্ছেন, তখন গোঘাটে নির্মল মাজির এই ‘নিরাপত্তাহীনতা’ শাসকদলের সমন্বয়হীনতাকেই প্রকট করে তুলল। এখন দেখার, এই অন্তর্দ্বন্দ্ব সামাল দিতে কালীঘাট থেকে কোনো কড়া দাওয়াই আসে কি না।





