মেদিনীপুরে মমতার ম্যারাথন প্রচার, ডেবরা-নারায়ণগড়ের পর আজ লক্ষ্য চন্দ্রকোনা ও গড়বেতা!

২০২৬ বিধানসভা নির্বাচনের উত্তাপ এখন তুঙ্গে। আগামী ২৩ এপ্রিল প্রথম দফার ভোটকে সামনে রেখে প্রচারের ময়দানে ঝড় তুলছেন শাসক ও বিরোধী উভয় শিবিরের হেভিওয়েটরা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার জেলা সফরে খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল নারায়ণগড় ও ডেবরায় সফল জনসভা শেষ করার পর আজ মঙ্গলবার তাঁর গন্তব্য চন্দ্রকোনা এবং গড়বেতা।

বর্তমানে চন্দ্রকোনা বিধানসভার তৃণমূল প্রার্থী সূর্যকান্ত দোলইয়ের সমর্থনে ক্ষীরপাইয়ের চড়কডাঙা ময়দানে জনসভা করছেন মুখ্যমন্ত্রী। এরপর তাঁর গড়বেতার জনসভায় যাওয়ার কথা রয়েছে, যেখানে তিনি দলীয় প্রার্থী উত্তরা সিংহ (হাজরা)-র হয়ে নির্বাচনী প্রচার সারবেন। গত দুদিন ধরেই পশ্চিম মেদিনীপুরের মাটি কামড়ে পড়ে রয়েছেন নেত্রী। গড়বেতার সভা শেষ করে তাঁর বাঁকুড়ার বিষ্ণুপুরে রওনা দেওয়ার কথা। সেখান থেকেই তিনি দুর্গাপুরের উদ্দেশে যাত্রা করবেন।

উল্লেখ্য, প্রথম দফার ভোটে পশ্চিম ও পূর্ব মেদিনীপুর, ঘাটাল, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় কড়া টক্কর হতে চলেছে। উন্নয়নের খতিয়ান ও বিরোধীদের আক্রমণ— দুই অস্ত্রেই আজ মেদিনীপুরের মাটি থেকে বিশেষ বার্তা দিতে পারেন মুখ্যমন্ত্রী। মমতার এই হাইভোল্টেজ প্রচার ঘিরে জেলাজুড়ে তৃণমূল কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উন্মাদনা তৈরি হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy