২০২৬-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন ততই তাঁর ‘দ্রাবিড় মডেল’ ২.০-এর তাস সাজাচ্ছেন। এবারের নির্বাচনে বৈতরণী পার হতে স্ট্যালিনের প্রধান লক্ষ্য মহিলা ভোটাররা। রবিবার চেন্নাইয়ে ডিএমকে-র (DMK) নির্বাচনী ইস্তাহার প্রকাশ করতে গিয়ে মুখ্যমন্ত্রী একগুচ্ছ জনমোহিনী প্রকল্পের ঘোষণা করেছেন, যা কার্যত রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিয়েছে।
ইস্তাহারের প্রধান আকর্ষণসমূহ:
-
ভাতা বৃদ্ধি: ‘কালাইগনার মাগালির উরিমাই থোগাই’ প্রকল্পের আওতায় যোগ্য মহিলা পরিবারের প্রধানদের মাসিক ১০০০ টাকার ভাতা বাড়িয়ে ২০০০ টাকা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।
-
ইল্লাথারাাসি স্কিম (গৃহলক্ষ্মী কুপন): যে সমস্ত গৃহবধূরা আয়কর দেন না, তাঁদের জন্য স্ট্যালিন ঘোষণা করেছেন ৮০০০ টাকার একটি বিশেষ কুপন। এই কুপন দিয়ে তাঁরা নিজেদের পছন্দমতো মিক্সার, গ্রাইন্ডার, ওয়াশিং মেশিন বা মাইক্রোওয়েভ ওভেনের মতো ইলেকট্রনিক সরঞ্জাম কিনতে পারবেন।
-
বার্ধক্যভাতা ও সামাজিক সুরক্ষা: বয়স্কদের মাসিক পেনশন ১২০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করা হবে। বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের ক্ষেত্রে এই ভাতার পরিমাণ হবে ২৫০০ টাকা।
-
ছাত্রছাত্রীদের জন্য সহায়তা: ‘পুধুমাই পেন’ এবং ‘তামিল পুধালভান’ প্রকল্পের মাধ্যমে উচ্চশিক্ষার জন্য ছাত্রছাত্রীদের মাসিক ১০০০ টাকার বদলে ১৫০০ টাকা করে দেওয়া হবে।
-
বিনা মূল্যে জলখাবার: সরকারি স্কুলের প্রাতরাশ প্রকল্প এবার প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত সম্প্রসারিত করার কথা বলা হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তামিলনাড়ুর রাজনীতিতে অভিনেতা বিজয়ের দলের (TVK) আগমনে যে নতুন চ্যালেঞ্জ তৈরি হয়েছে, তার মোকাবিলা করতেই স্ট্যালিন এই ‘মহিলা কার্ড’ খেলেছেন। একদিকে মাসিক নগদ টাকা আর অন্যদিকে গৃহস্থালির প্রয়োজনীয় জিনিস কেনার কুপন—এই দ্বিমুখী কৌশলে মহিলা ভোটারদের মন জয় করাই এখন স্ট্যালিনের পাখির চোখ।