ভবানীপুরে শুভেন্দুর জনসংযোগ ঘিরে রণক্ষেত্র! তৃণমূল-বিজেপি স্লোগান যুদ্ধে উত্তপ্ত মমতার গড়

২০২৬-এর বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কলকাতার সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র ভবানীপুরে কার্যত যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলো। রবিবার দুপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুরে জনসংযোগ যাত্রা শুরু করতেই তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই শিবিরের স্লোগান এবং পাল্টা স্লোগানে কান পাতা দায় হয়ে পড়ে দক্ষিণ কলকাতার এই গুরুত্বপূর্ণ এলাকায়।

ঘটনার সূত্রপাত: এদিন শুভেন্দু অধিকারী ভবানীপুরের যদুবাবুর বাজার এলাকা থেকে জনসংযোগ শুরু করেন। শুভেন্দুর কনভয় এলাকায় ঢুকতেই তৃণমূল কর্মীরা কালো পতাকা নিয়ে ‘গো ব্যাক’ এবং ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। পাল্টা প্রতিরোধ গড়ে তোলেন বিজেপি কর্মীরাও। তাঁরা ‘জয় শ্রীরাম’ এবং ‘আর নয় অন্যায়’ স্লোগান তুলে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান। মুহূর্তের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।

উত্তপ্ত চক্রবেড়িয়া: চক্রবেড়িয়া মোড়ে দুই দল মুখোমুখি চলে আসায় ধস্তাধস্তির উপক্রম হয়। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। পুলিশ দু’পক্ষের মাঝে ব্যারিকেড তৈরি করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। শুভেন্দু অধিকারী এদিন মেজাজ হারিয়ে পুলিশকেও তোপ দাগেন। তিনি অভিযোগ করেন, পুলিশ প্রশাসনের মদতে তৃণমূল তাঁর কর্মসূচিতে বাধা দিচ্ছে।

শুভেন্দুর হুঙ্কার: উত্তজনাপূর্ণ পরিস্থিতির মাঝেই শুভেন্দু অধিকারী বলেন, “ভবানীপুর কারো জমিদারি নয়। নন্দীগ্রামের মতো এবার ভবানীপুর থেকেও মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় জানাবে মানুষ। এই ধরণের বাধাদান প্রমাণ করছে তৃণমূল কতটা ভয় পেয়েছে।” অন্যদিকে, তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, বহিরাগত লোক নিয়ে এসে শান্ত এলাকাকে অশান্ত করতে চাইছেন শুভেন্দু।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy