সাধারণ মানুষের সুবিধার্থে এবং ব্যাঙ্কিং পরিষেবায় আরও স্বচ্ছতা আনতে ঐতিহাসিক পদক্ষেপ নিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। আগামী ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হতে চলেছে ঋণের ক্ষেত্রে একাধিক নতুন নিয়ম। যার সরাসরি প্রভাব পড়বে কোটি কোটি লোন গ্রহীতার পকেটে। সিিবিল (CIBIL) স্কোর আপডেট থেকে শুরু করে প্রাক-ঋণ পরিশোধ বা ‘ফোরক্লোজার’—সবক্ষেত্রেই আমূল বদল আনছে কেন্দ্রীয় ব্যাঙ্ক।
৭ দিনেই আপডেট হবে CIBIL স্কোর: এতদিন ক্রেডিট স্কোর বা সিিবিল স্কোর আপডেট হওয়ার জন্য গ্রাহকদের অন্তত এক মাস অপেক্ষা করতে হতো। কিন্তু ১ এপ্রিল থেকে এই নিয়ম ইতিহাস হতে চলেছে। এখন থেকে প্রতি সাত দিন অন্তর আপনার ক্রেডিট প্রোফাইল আপডেট হবে। মাসের ৭, ১৪, ২১ এবং ২৮ তারিখে ব্যাঙ্কিং ডেটা আপডেট করা হবে। যারা দ্রুত লোন নিতে চান বা স্কোর উন্নত করার চেষ্টা করছেন, তাঁদের জন্য এটি অত্যন্ত ইতিবাচক খবর। তবে মনে রাখবেন, কিস্তি দিতে দেরি করলেও তা দ্রুত নথিবদ্ধ হবে, যা স্কোর কমিয়ে দিতে পারে।
লোন মেটাতে লাগবে না বাড়তি ফি: অনেকেরই ইচ্ছে থাকে লোন বা ঋণের মেয়াদ শেষ হওয়ার আগেই তা শোধ করে দেওয়ার। কিন্তু এতদিন অনেক ব্যাঙ্ক এই আগাম টাকা জমা নেওয়ার জন্য ‘ফোরক্লোজার চার্জ’ বা জরিমানা নিত। নতুন নিয়ম অনুযায়ী, ফ্লোটিং রেটে নেওয়া হোম লোন, কার লোন বা পার্সোনাল লোনের ক্ষেত্রে সময়ের আগে টাকা মেটালে কোনও অতিরিক্ত ফি দিতে হবে না।
অন্যান্য গুরুত্বপূর্ণ বদল:
-
নমিনি: এখন থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং লকারে সর্বোচ্চ ৪ জন নমিনি যুক্ত করা যাবে।
-
গোল্ড লোন: গয়না ব্যবসার ক্ষেত্রে গোল্ড লোন শোধের সময়সীমা ১৮০ দিন থেকে বাড়িয়ে ২৭০ দিন করা হয়েছে।