তপ্ত গরমে এক গ্লাস ঠান্ডা বিয়ারে চুমুক দিতে এবার পকেট থেকে খসবে বাড়তি কড়ি। বিয়ার উৎপাদনকারী সংস্থাগুলি রাজ্য সরকারগুলির কাছে বিয়ারের দাম ১২ থেকে ১৫ শতাংশ বাড়ানোর আবেদন জানিয়েছে। কাঁচামাল এবং প্যাকেজিং উপাদানের আকাশছোঁয়া দামের জেরেই এই সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে কোম্পানিগুলো।
কেন বাড়ছে দাম? উৎপাদনকারী সংস্থাগুলির মতে, বিয়ারের প্রধান প্যাকেজিং উপকরণ—কাচের বোতল এবং অ্যালুমিনিয়াম ক্যানের উৎপাদন খরচ গত কয়েক মাসে অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে প্রাকৃতিক গ্যাস এবং জ্বালানির সরবরাহ বিঘ্নিত হওয়ায় কাচের বোতলের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে। শুধু তাই নয়, ক্যান তৈরির জন্য প্রয়োজনীয় অ্যালুমিনিয়াম এবং প্যাকেজিং কার্টনের দামও প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে। ‘ব্রিউয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’ (BAI) জানিয়েছে, উৎপাদন খরচ যে হারে বেড়েছে তাতে বর্তমান দামে বিয়ার বিক্রি করা অনেক রাজ্যের কোম্পানিগুলোর পক্ষে অসম্ভব হয়ে পড়ছে।
কবে থেকে বাড়বে দাম? সূত্র মারফত জানা যাচ্ছে, অনেক রাজ্যে ১ এপ্রিল ২০২৬ থেকে নতুন আবগারি নীতি কার্যকর হতে চলেছে। উত্তরপ্রদেশ এবং ওড়িশার মতো রাজ্যে এপ্রিলের শুরু থেকেই দাম বাড়ার সম্ভাবনা প্রবল। পশ্চিমবঙ্গ-সহ অন্যান্য রাজ্যেও কোম্পানিগুলো ব্যক্তিগতভাবে রাজ্য সরকারের কাছে মূল্যবৃদ্ধির প্রস্তাব পাঠাচ্ছে। যদি সরকার এই প্রস্তাবে সবুজ সংকেত দেয়, তবে এপ্রিলের মাঝামাঝি বা মে মাসের শুরু থেকেই নতুন দাম কার্যকর হতে পারে। জনপ্রিয় ৬৫০ মিলি বোতলের ক্ষেত্রে দাম ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।