ভাবুন তো, হিমালয়ের কোলে পাহাড়ি নদীর ঠিক ওপরে বসে এক কাপ গরম কফিতে চুমুক দিচ্ছেন, আর পায়ের নিচ দিয়ে বয়ে যাচ্ছে শীতল জলধারা! শুনতে স্বপ্নের মতো মনে হলেও অরুণাচল প্রদেশের তাওয়াং জেলার জেমিথাংয়ে এমনই এক অসাধ্য সাধন করেছে ভারতীয় সেনাবাহিনী। ভারত-চীন সীমান্তের অত্যন্ত কাছে ‘নিয়ামজাং চু’ নদীর ওপর একটি পরিত্যক্ত বেইলি সেতুকে ভোল বদলে তৈরি করা হয়েছে ‘বর্ডার ব্রিউ ক্যাফে’ (Border Brew Cafe)। পর্যটন এবং স্থানীয় কর্মসংস্থানের মেলবন্ধনে তৈরি এই ক্যাফে এখন উত্তর-পূর্ব ভারতের নতুন আকর্ষণ।
সবচেয়ে অবাক করা বিষয় হলো, ভারতীয় সেনা মাত্র ৩১ দিনের রেকর্ড সময়ে এই জরাজীর্ণ সেতুটিকে একটি আধুনিক ও নান্দনিক ক্যাফেতে রূপান্তর করেছে। ‘অপারেশন সদভাবনা’-র অধীনে তৈরি এই ক্যাফেটি স্থানীয় মনপা সম্প্রদায়ের মহিলারাই পরিচালনা করছেন। এটি কেবল পর্যটকদের বিনোদনের জায়গা নয়, বরং সীমান্ত সংলগ্ন এলাকার নারীদের স্বনির্ভর করার এক অভিনব প্রয়াস। পাহাড়ের নিস্তব্ধতা আর নদীর কুলকুল ধ্বনির মাঝে এমন ক্যাফেতে বসে সময় কাটানো পর্যটকদের কাছে এক লাইফ-টাইম অভিজ্ঞতা।
জেমিথাং গ্রামটি এমনিতেই তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত, কিন্তু এই ‘ব্রিজ ক্যাফে’ আসার পর সেখানে পর্যটকদের ভিড় কয়েকগুণ বেড়ে গেছে। সেনার পক্ষ থেকে জানানো হয়েছে, অব্যবহৃত হেরিটেজ পরিকাঠামোকে কীভাবে জনহিতকর কাজে লাগানো যায়, তার শ্রেষ্ঠ উদাহরণ এটি। স্থানীয় হস্তশিল্প এবং খাবারের সম্ভারও পাওয়া যাচ্ছে এই ক্যাফেতে। আপনি যদি অ্যাডভেঞ্চার প্রিয় হন এবং পাহাড়ি রোমাঞ্চ ভালোবাসেন, তবে তাওয়াং সফরের তালিকায় এই বর্ডার ব্রিউ ক্যাফে এখন মাস্ট!