২০২৬-এর বাংলা দখলের লড়াইয়ে কোনো ফাঁক রাখতে চাইছে না বিজেপি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কলকাতা সফরের রেশ কাটতে না কাটতেই এবার ময়দানে নামছেন স্বয়ং নরেন্দ্র মোদী। সূত্র মারফত জানা যাচ্ছে, আগামী ১২ এপ্রিল উত্তরবঙ্গের শিলিগুড়িতে প্রথম নির্বাচনী জনসভা করবেন প্রধানমন্ত্রী। মূলত প্রথম দফার নির্বাচনের (২৩ এপ্রিল) আগে উত্তরবঙ্গের জেলাগুলোতে জনমত নিজেদের দিকে টানাই মোদীর এই সফরের মূল লক্ষ্য।
রাজনৈতিক মহলের মতে, উত্তরবঙ্গ বরাবরই বিজেপির শক্ত ঘাঁটি। তাই প্রচারের শুরুটা শিলিগুড়ি থেকে করে গোটা রাজ্যে জয়ের বার্তা দিতে চাইছেন মোদী। শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে এই মেগা জনসভার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে গেরুয়া শিবির। প্রধানমন্ত্রীর এই সভায় রেকর্ড ভিড় হবে বলে দাবি রাজ্য বিজেপি নেতৃত্বের। এরপরই দক্ষিণবঙ্গের দুর্গাপুর ও কলকাতায় আরও কয়েকটি বড় জনসভা এবং রোড শো করার পরিকল্পনা রয়েছে তাঁর।
বিজেপি সূত্রের খবর, প্রধানমন্ত্রীর এই প্রথম সভায় মূলত নিয়োগ দুর্নীতি, আইনশৃঙ্খলা এবং রাজ্যের উন্নয়নের মতো ইস্যুগুলোকেই হাতিয়ার করা হবে। পাশাপাশি, উত্তরবঙ্গের জন্য বিশেষ কিছু প্রকল্পের ঘোষণাও করতে পারেন তিনি। মোদীর এই সফরকে কেন্দ্র করে ইতিমধ্যেই শিলিগুড়ি ও সংলগ্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রথম সভাতেই মোদী কী বার্তা দেন, এখন সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষ।