ভোটের মুখে বঙ্গ রাজনীতিতে এখন আক্রমণ আর প্রতি-আক্রমণের খেলা। বৃহস্পতিবার পাণ্ডবেশ্বরের জনসভা থেকে সরাসরি বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। গেরুয়া শিবিরের ‘চোর’ কটাক্ষের জবাবে মুখ্যমন্ত্রী বলেন, “আমি মুখ্যমন্ত্রী হিসেবে এক পয়সা বেতন নিই না। নিজের পয়সায় চা খাই। অথচ আমাকেও চোর বলা হয়! এদের ভাষা নগ্ন ভাষা।”
আসানসোল ও পার্শ্ববর্তী অঞ্চলের উন্নয়নের খতিয়ান তুলে ধরে মমতা প্রশ্ন করেন, অণ্ডাল বিমানবন্দর থেকে নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়— এসব কাজ কে করেছে? কয়লা খনির শ্রমিকদের দুর্দশার কথা উল্লেখ করে তিনি কেন্দ্রকে তোপ দেগে বলেন, “আপনারা খনি বন্ধ করে দিচ্ছেন, প্রাইভেট করছেন। আমি পাঁচ-ছয় বছর ধরে রাজ্য সরকারের সঙ্গে বসে পরিকল্পনার প্রস্তাব দিচ্ছি যাতে শ্রমিকদের সুবিধা হয়, কিন্তু কেন্দ্র তা শুনছে না। এরা কেবল লুট আর ঝুট বোঝে।”





