“দিদির উন্নয়নের রথে আমরাই এগিয়ে,” চলন্ত ট্রেনে প্রচার সেরে বিজেপি বিধায়ককে বিঁধলেন তৃণমূল প্রার্থী

ভোটের নির্ঘণ্ট বেজে গিয়েছে, হাতে সময় এক মাসেরও কম। তাই প্রচারের ময়দানে এক ইঞ্চি জমিও ছাড়তে নারাজ বাঁকুড়ার ইন্দাস বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী। শুক্রবার সপ্তাহের শেষ কাজের দিনে একেবারে অন্য মেজাজে ধরা দিলেন তিনি। আমজনতার আরও কাছাকাছি পৌঁছে যেতে এদিন সটান লোকাল ট্রেনে উঠে পড়লেন তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী।

সকালে দলীয় কর্মীদের নিয়ে কুমরুল স্টেশন থেকে ট্রেনে ওঠেন শ্যামলী। চলন্ত কামরায় যাত্রীদের পাশে বসে চলল রাজ্য সরকারের উন্নয়নের খতিয়ান তুলে ধরা। কখনও সহযাত্রীর শিশুকে কোলে নিয়ে গল্পে মাতলেন, আবার কখনও হকারের কাছ থেকে মুড়ি মাখা কিনে দলীয় কর্মীদের সঙ্গে ভাগ করে খেলেন। প্রচারের এই ঘরোয়া ভঙ্গি যাত্রীদের মধ্যেও বেশ কৌতূহল তৈরি করে। শামপুর স্টেশনে নামার আগে তিনি স্পষ্ট জানান, “আমরা সাধারণ ঘরের মেয়ে, মুড়ি-চপ খেয়েই অভ্যস্ত। মানুষের কাছে দিদির কাজ পৌঁছে দেওয়াই আসল লক্ষ্য।”

বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়াকে আক্রমণ শানিয়ে শ্যামলী বলেন, “গত ৫ বছরে ইন্দাসে কোনও কাজ হয়নি। আমি জিতলে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রকে সুপার মাল্টিস্পেশালিটি হাসপাতাল করা এবং নদী ভাঙন রোধে কাজ করব।” উন্নয়নের রথে তৃণমূলই একধাপ এগিয়ে রয়েছে বলে দাবি করে নিজের জয়ের ব্যাপারে ১০০ শতাংশ আশাপ্রকাশ করেছেন এই লড়াকু প্রার্থী।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy