আজ বিকেলেই ধেয়ে আসছে কালবৈশাখী! দক্ষিণবঙ্গের ৫ জেলায় চরম সতর্কতা, তছনছ হতে পারে জনজীবন?

বৃহস্পতিবারের রেশ কাটতে না কাটতেই আবারও বৃষ্টির ভ্রুকুটি। শুক্রবার বিকেল হতেই দুই বঙ্গজুড়ে কালবৈশাখীর তাণ্ডব শুরু হতে পারে বলে কড়া সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি এবং শিলাবৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান জেলায় বিকেলের পর ঘণ্টায় ৫০–৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতেও ৪০–৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। এই ঝোড়ো পরিস্থিতির পাশাপাশি বজ্রপাত ও শিলাবৃষ্টির বিষয়েও সাধারণ মানুষকে সতর্ক করা হয়েছে।
অন্যদিকে, উত্তরবঙ্গের চিত্রটিও বেশ উদ্বেগজনক। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে। কোচবিহারসহ উত্তরের জেলাগুলিতে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে। মালদহ ও দুই দিনাজপুরেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী রবিবার বিকেলের আগে আবহাওয়ার বিশেষ উন্নতির সম্ভাবনা নেই। ফলে সপ্তাহের শেষে রাজ্যজুড়ে কালবৈশাখীর দাপট অব্যাহত থাকবে।