২০২৬-এর ২৬ মার্চ মধ্যপ্রাচ্যের যুদ্ধ এক চূড়ান্ত নাটকীয় মোড় নিল। ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ এবং আইডিএফ (IDF) দাবি করেছে যে, বৃহস্পতিবার ভোরে ইরানের দক্ষিণ উপকূলীয় শহর বন্দর আব্বাসে এক নিখুঁত বিমান হানায় ইরানের রেভোলিউশনারি গার্ডস (IRGC) নৌ-কমান্ডার আলিরেজা তাংসিরি নিহত হয়েছেন। তাকে মূলত হরমুজ প্রণালী (Strait of Hormuz) অবরোধ এবং সেখানে খনি স্থাপনের প্রধান কারিগর বলে মনে করা হতো।
ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় বলেন, “গত রাতে আমরা আইআরজিসি নৌবাহিনীর কমান্ডারকে খতম করেছি। এই ব্যক্তির হাতে প্রচুর মানুষের রক্ত লেগে ছিল এবং তিনিই হরমুজ প্রণালী বন্ধের নেতৃত্ব দিচ্ছিলেন।” ইজরায়েলি সূত্র অনুযায়ী, এই হামলায় তাংসিরির বেশ কিছু উচ্চপদস্থ সহযোগীরাও প্রাণ হারিয়েছেন। এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ স্বাভাবিক করতে হরমুজ প্রণালীকে শত্রুমুক্ত করা।
যদিও ইরান এখনো আনুষ্ঠানিকভাবে তাংসিরির মৃত্যুর খবর নিশ্চিত করেনি, তবে তেহরানের পক্ষ থেকে একে ‘শত্রুপক্ষের অপপ্রচার’ হিসেবে দেখার ইঙ্গিত মিলেছে। গত এক মাসে সুপ্রিম লিডার আলী খামেনেই এবং নিরাপত্তা প্রধান আলী লারিজনির পর তাংসিরিই হলেন সবচেয়ে বড় সামরিক ব্যক্তিত্ব, যাঁকে ইজরায়েল খতম করার দাবি করল। এই ঘটনার পর বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছে এবং মধ্যপ্রাচ্যে এক সর্বাত্মক যুদ্ধের সম্ভাবনা আরও জোরালো হয়েছে।