সকালবেলার ব্যস্ততা শুরু হতেই সল্টলেকের করুণাময়ী বাস টার্মিনাসে ঘটে গেল এক বিভীষিকাময় দুর্ঘটনা। দূরপাল্লার একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হলো ওই বাসেরই হেলপারের। প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, বৃহস্পতিবার সকালে টার্মিনাসের ভেতর বাসটি পার্কিং বা ঘোরানোর সময় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। মুহূর্তের অসতর্কতায় বাসের পেছনের চাকায় পিষ্ট হন ওই ব্যক্তি। ঘটনাস্থলেই রক্তাত্ব অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত ওই হেলপার বাসের পেছনে দাঁড়িয়ে চালককে নির্দেশ দিচ্ছিলেন বলে জানা গেছে। আচমকা বাসটি দ্রুত গতিতে পিছিয়ে আসায় তিনি নিজেকে সরানোর সুযোগ পাননি। টার্মিনাসের মতো জনবহুল এলাকায় এমন ঘটনায় উপস্থিত যাত্রী ও পথচারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পর দীর্ঘক্ষণ রক্তাক্ত অবস্থায় দেহটি পড়ে থাকায় এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভ সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, টার্মিনাসের ভেতর বাস চলাচলের ক্ষেত্রে নূন্যতম নিরাপত্তা বিধির তোয়াক্কা করা হয় না।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘাতক বাসটিকে আটক করা হলেও চালক পলাতক বলে জানা গেছে। এই দুর্ঘটনার জেরে করুণাময়ীর মতো গুরুত্বপূর্ণ বাস টার্মিনাসে যাত্রী নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল। পুলিশ খতিয়ে দেখছে এটি যান্ত্রিক গোলযোগ নাকি চালকের চরম গাফিলতি।