মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা যত জোরালো হচ্ছে, ইরানের সাধারণ মানুষের দৈনন্দিন জীবনে ততই অন্ধকার ঘনিয়ে আসছে। ইজরায়েলের সঙ্গে সরাসরি সংঘাত এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞার সাঁড়াশি চাপে পিষ্ট হচ্ছে সে দেশের সাধারণ জনতা। যুদ্ধের জন্য যে বিপুল পরিমাণ অর্থ ইরান খরচ করছে, তার সরাসরি প্রভাব পড়ছে দেশটির অর্থনীতিতে। মুদ্রাস্ফীতি এখন আকাশছোঁয়া, যার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে।
ইরানি মুদ্রা ‘রিয়াল’-এর মান আন্তর্জাতিক বাজারে রেকর্ড পতন হয়েছে। তেহরানের বাজারগুলোতে এখন এক কেজি চাল বা মাংস কিনতে সাধারণ মানুষকে মাসের উপার্জনের একটা বড় অংশ খরচ করতে হচ্ছে। ওষুধের আকাল দেখা দিয়েছে হাসপাতালগুলোতে। সাধারণ ইরানি নাগরিকদের মতে, যুদ্ধের দামামা বাজিয়ে ক্ষমতা প্রদর্শনের চেয়েও বড় সংকট এখন বেঁচে থাকা। যুবপ্রজন্মের মধ্যে বেকারত্বের হার বাড়ছে, কারণ বিদেশি বিনিয়োগ পুরোপুরি বন্ধ। যুদ্ধের এই ভয়াবহ আবহে সাধারণ মানুষ এখন কেবল শান্তির আশায় দিন গুনছে।