দক্ষিণবঙ্গজুড়ে রোদের দাপট আর ভ্যাপসা গরমে জনজীবন ওষ্ঠাগত। সকাল থেকেই আকাশের মুখ ভার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বাড়ছে অস্বস্তি। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এখনই এই আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে পুরোপুরি রেহাই পাওয়ার সম্ভাবনা নেই।
আজ অর্থাৎ বৃহস্পতিবার বা লক্ষ্মীবারে রাজ্যের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। তবে স্থানীয়ভাবে মেঘ জমে উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু পকেটে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। যদিও তাতে গরম কমার কোনও সম্ভাবনা দেখছেন না আবহাওয়াবিদরা। উল্টে বাতাসে জলীয় বাষ্পের আধিক্য থাকায় ঘাম এবং অস্বস্তি বজায় থাকবে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে অবশ্য পাহাড়ি জেলাগুলোতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে দার্জিলিং ও কালিম্পং জেলায় ঝিরঝিরে বৃষ্টি হতে পারে। অন্যদিকে মালদহ ও দুই দিনাজপুরে গরমের দাপট অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এবং দুই ২৪ পরগনায় তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কয়েক ডিগ্রি বেশি থাকার সম্ভাবনা রয়েছে। ফলে বাইরে বেরোলে বাড়তি সতর্কতা নেওয়ার পরামর্শ দিচ্ছে প্রশাসন।