বাংলার রাজনীতিতে ফের একবার ‘নন্দীগ্রাম মডেল’-এর পুনরাবৃত্তি ঘটানোর হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করার স্মৃতি উসকে দিয়ে এবার সরাসরি মুখ্যমন্ত্রীর নিজের গড় ভবানীপুরে দাঁড়িয়ে তাঁকে তীব্র আক্রমণ শানালেন তিনি। শুভেন্দুর চাঁচাছোলা মন্তব্য, “বিশ্বের সেরা গদ্দার মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে ওঁকে হারিয়ে এবার দিদিমা বানিয়ে দেব!”
কলকাতার ভবানীপুর বিধানসভা কেন্দ্রে এক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়ে শুভেন্দু অধিকারী দাবি করেন, রাজ্যের মানুষ বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে ক্ষুব্ধ। মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘গদ্দার’ তকমা দিয়ে তিনি অভিযোগ করেন, সাধারণ মানুষের রায় নিয়ে ক্ষমতায় এসে তিনি রাজ্যের সর্বনাশ করেছেন। নন্দীগ্রামের হার প্রসঙ্গ টেনে এনে শুভেন্দু বলেন, “ওখানে তো হেরেছেন, এবার নিজের পাড়াতেও রেহাই পাবেন না। তল্পিতল্পা গুটিয়ে বিদায় নেওয়ার সময় এসেছে।”
বিরোধী দলনেতার এই মন্তব্যে রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, আসন্ন নির্বাচন বা উপ-নির্বাচনের আগে ভবানীপুরকে পাখির চোখ করে ঘাসফুল শিবিরের মনোবলে ধাক্কা দিতে চাইছেন শুভেন্দু। উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মমতাকে পরাজিত করেছিলেন শুভেন্দু। এবার ভবানীপুরে দাঁড়িয়ে তাঁর এই ‘দিদিমা বানিয়ে দেওয়া’-র হুঁশিয়ারি ঘিরে তৃণমূল এবং বিজেপির মধ্যে বাকযুদ্ধ তুঙ্গে। তৃণমূলের পক্ষ থেকে পালটা বলা হয়েছে, “বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছেন, শুভেন্দুর আকাশকুসুম স্বপ্ন কোনোদিন পূরণ হবে না।”