পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্য রাজনীতিতে ফের প্রাসঙ্গিক হয়ে উঠলেন মিমের (AIMIM) প্রধান আসাদউদ্দিন ওয়েইসি। তবে এবার তাঁর পাশে দেখা গেল তৃণমূলের অস্বস্তি বাড়ানো বিধায়ক হুমায়ুন কবীরকে। সাংবাদিক বৈঠকে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে ওয়েইসি স্পষ্ট জানালেন, বাংলায় মুসলিমদের নিজস্ব কণ্ঠস্বরের জন্য ‘একজন মুসলিম নেতা’ অত্যন্ত প্রয়োজন।
মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়ে ওয়েইসি মনে করিয়ে দেন পুরনো ইতিহাস। তিনি বলেন, “সোমনাথ চট্টোপাধ্যায় যখন স্পিকার ছিলেন, তখন মমতা বন্দ্যোপাধ্যায় অনুপ্রবেশ নিয়ে সংসদে সরব হয়েছিলেন। আজ তিনি অন্য কথা বলছেন।” ওয়েইসির অভিযোগ, বাংলায় বিজেপিকে বাড়ার জায়গা করে দিয়েছেন খোদ মমতাই। তাঁর শাসনকালেই রাজ্যে বিজেপির বিধায়ক সংখ্যা ৩ থেকে ৭৭-এ পৌঁছেছে।
শুধু তাই নয়, প্রাক্তন বিজেপি নেতা তথা বর্তমান তৃণমূল মন্ত্রী বাবুল সুপ্রিয়কে নিয়েও আক্রমণাত্মক ছিলেন তিনি। ওয়েইসি প্রশ্ন তোলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় দলে নিয়েছেন বলেই কি আমরা বাবুল সুপ্রিয়র অতীতের ঘৃণা ভাষণ ভুলে যাব?” তাঁর দাবি, তৃণমূল আসলে সুবিধাবাদী রাজনীতি করছে। হুমায়ুন কবীরকে পাশে বসিয়ে ওয়েইসির এই বৈঠক সংখ্যালঘু ভোটব্যাঙ্কে বড়সড় ফাটল ধরাতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।