২০২৬-এর বিধানসভা নির্বাচনে উত্তর কলকাতার বেলেঘাটা আসন থেকে তৃণমূলের টিকিটে প্রথমবার নির্বাচনী ময়দানে নেমেছেন কুণাল ঘোষ। তবে মনোনয়ন পত্র জমা দেওয়ার আগে নিজের সম্পত্তি এবং অতীত নিয়ে এক দীর্ঘ ও আবেগপূর্ণ সোশ্যাল মিডিয়া পোস্ট করে রাজ্য রাজনীতিতে শোরগোল ফেলে দিলেন তিনি। সরাসরি প্রশ্ন তুললেন, “দীর্ঘদিন চাকরি করার পর আমার কি একটুও টাকা থাকবে না?”
আসন্ন নির্বাচনে প্রার্থীর হলফনামা বা অ্যাফিডেভিট জমা দেওয়ার আগে বিরোধীদের সম্ভাব্য আক্রমণ রুখতেই কুণালের এই আগাম রক্ষণ বলে মনে করছে রাজনৈতিক মহল। কুণাল তাঁর পোস্টে সাফ জানিয়েছেন, তিনি সারদার চাকরিতে থাকাকালীন সজ্ঞানে কোনও অন্যায় করেননি। তাঁর কথায়, “আমি আমার সারদার চাকরিতেও জ্ঞানত কোনো অন্যায় করিনি। এর জন্য আমি কোনো অপরাধ করিনি।” তাঁর বিরুদ্ধে ওঠা চুরির অভিযোগ বা সারদা কেলেঙ্কারির প্রসঙ্গ টেনে যারা সমালোচনা করছেন, তাঁদের আক্রমণকে তিনি ‘অক্ষম ঈর্ষা’ বলে অভিহিত করেছেন।
কুণাল ঘোষ আরও লেখেন, যারা তাঁর সম্পত্তি নিয়ে কুৎসা রটাচ্ছেন, তারা আসলে হীনমন্যতায় ভুগছেন। তিনি বলেন, “অক্ষম ঈর্ষা থেকে যে যা পারে বলুক, জ্বলে মরুক। আমার পাড়া ও ঘনিষ্ঠরা আমাকে চেনেন। মানুষ আমাকে বোঝেন।” তিনি স্পষ্ট করে দিয়েছেন যে, নির্বাচনের ময়দানে তিনি তাঁর আত্মসম্মান নিয়েই লড়বেন এবং কোনও চাপের মুখে নতি স্বীকার করবেন না। তাঁর এই ‘সরাসরি’ মেজাজ এবং সম্পত্তির হিসাব নিয়ে খোলাখুলি লড়াইয়ের ঘোষণা ভোটের আগে বেলেঘাটার লড়াইকে আরও আকর্ষণীয় করে তুলেছে।