২০২৬-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনে বাংলার সবথেকে চর্চিত কেন্দ্র এখন দক্ষিণ কলকাতার ‘ভবানীপুর’। এই কেন্দ্রে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি লড়াইয়ে নেমেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার (২৩ মার্চ, ২০২৬) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে শুভেন্দুর গলায় শোনা গেল উপচে পড়া আত্মবিশ্বাস। তিনি দাবি করেছেন, ভবানীপুর কেন্দ্রে এবার ভোটার সংখ্যা কমে দাঁড়িয়েছে ১ লক্ষ ৬০ হাজারে, আর এই সমীকরণই তাঁর জয়ের পথ প্রশস্ত করবে।
এদিন টিভি৯ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী বলেন, “আমি প্রথম দিন থেকেই বলেছি যে আমি আশাবাদী। ভবানীপুরে প্রায় ৪৭ হাজার ভোটারের নাম কাটা গিয়েছে এবং বর্তমানে বৈধ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৬০ হাজার। এই পরিবর্তিত পরিস্থিতিতে আমি অন্তত ২৫ হাজার ভোটে জেতার আশা করছি।” তবে পরে কিছুটা সংযত হয়ে তিনি যোগ করেন, “প্রথম দিন উৎসাহিত হয়ে বড় ব্যবধানে জয়ের কথা বলেছিলাম। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন এই কেন্দ্রের মানুষ। আমি তাঁদের ওপরই ছেড়ে দিচ্ছি। তবে আমার আশা নিশ্চয়ই পূরণ হবে।”
উল্লেখ্য, ২০২১-এর বিধানসভা নির্বাচনে শুভেন্দু নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করেছিলেন। এবার সেই জয়ের ধারা মুখ্যমন্ত্রীর খাসতালুক ভবানীপুরে বজায় রাখতে মরিয়া তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটার তালিকায় নাম কাটা যাওয়া এবং অবাঙালি ভোটারদের মেরুকরণই শুভেন্দুর এই ‘২৫ হাজারি’ আত্মবিশ্বাসের আসল উৎস। অন্যদিকে, তৃণমূল শিবিরের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের কেন্দ্রে রেকর্ড ব্যবধানে জিতবেন। এখন দেখার, ২ মে-র ফলাফলে কার অঙ্ক সঠিক প্রমাণিত হয়।