‘পেট্রোল শর্টেজ লিগ’! চরম অর্থকষ্টে ধুঁকছে পিএসএল, পাকিস্তানকে নজিরবিহীন খোঁচা আইসল্যান্ডের

পাকিস্তান ক্রিকেটের দৈন্যদশা এবার চরমে। চরম আর্থিক সংকট এবং জ্বালানি সংকটের জেরে কার্যত নজিরবিহীনভাবে আয়োজিত হতে চলেছে পাকিস্তান সুপার লিগ (PSL)। পরিস্থিতির গুরুত্ব বুঝে পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি ঘোষণা করেছেন, এবারের লিগে কোনও উদ্বোধনী অনুষ্ঠান হবে না। এমনকি ছয়টি শহরের বদলে মাত্র দুটি শহর— করাচি ও লাহোরে সীমাবদ্ধ রাখা হয়েছে পুরো টুর্নামেন্ট। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে পাকিস্তানে তৈরি হওয়া জ্বালানি সংকটই এই সিদ্ধান্তের মূল কারণ।

পিসিবির এই দুর্দশা দেখে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো উপহাস করেছে আইসল্যান্ড ক্রিকেট বোর্ড। তারা এক্স হ্যান্ডেলে লিখেছে, “আমরা জানতাম না পিএসএল-এর আসল মানে কী। এবার বুঝলাম— পেট্রোল শর্টেজ লিগ!” এই পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে বিশ্ব ক্রিকেটে পাকিস্তানের মুখ পুড়িয়েছে। এখানেই শেষ নয়, নিরাপত্তার অভাব এবং যুদ্ধের আবহে দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ করানোর সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। ফলে গ্যালারিতে থাকবে না কোনও উন্মাদনা।

মরসুম শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছে দলগুলি। পিএসএল ছেড়ে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোতে যোগ দিচ্ছেন একের পর এক বিদেশি তারকা। জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানি কেকেআরে যোগ দেওয়ার পর, শ্রীলঙ্কার দাসুন শনাকাও রাজস্থান রয়্যালসে নাম লিখিয়েছেন বলে খবর। গ্লেন ম্যাক্সওয়েল ও হ্যারি ব্রুকের মতো তারকারা পাকিস্তানে যেতে অনিচ্ছা প্রকাশ করেছেন। যদিও নকভি আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন, তবে বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান ক্রিকেট যে বিশ্ববাসীর কাছে হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে, তা স্পষ্ট।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy