মাঝ আকাশে মৃত্যু! ১৩ ঘণ্টা মৃতদেহের সঙ্গেই কাটালেন ৩০০ যাত্রী, ভয়াবহ অভিজ্ঞতার সাক্ষী ব্রিটিশ এয়ারওয়েজ

আকাশপথে ভ্রমণের আনন্দ নিমেষেই বদলে গেল এক দুঃস্বপ্নে। হংকং থেকে লন্ডনগামী ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে (BA32) ঘটে গেল এক চাঞ্চল্যকর ও মর্মান্তিক ঘটনা। উডানের মাত্র এক ঘণ্টা পরেই মাঝ আকাশে মৃত্যু হয় এক ষাটোর্ধ্ব মহিলা যাত্রীর। কিন্তু নিয়ম মেনে বিমানটি নিকটবর্তী কোনো বিমানবন্দরে অবতরণ না করিয়ে, মৃতদেহ সমেত টানা ১৩ ঘণ্টা আকাশপথেই সফর চালিয়ে গেলেন পাইলট। আর এই দীর্ঘ সময় মৃতদেহের সঙ্গেই কাটাতে বাধ্য হলেন ৩০০-র বেশি যাত্রী।

সূত্র মারফত জানা গিয়েছে, গত রবিবার এয়ারবাস A350-1000 বিমানটি হংকং থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন এবং প্রাণ হারান। বিমানের ক্রু সদস্যরা দেহটিকে পেছনের একটি গ্যালারি এরিয়াতে সরিয়ে নিয়ে যান। কিন্তু সেখানেই ঘটে আসল বিপত্তি। অভিযোগ উঠেছে, গ্যালারির ওই জায়গার মেঝে ছিল উত্তপ্ত (Heated floor), যা ক্রু সদস্যরা খেয়াল করেননি। ফলে দীর্ঘ সময় সেখানে দেহটি থাকায় পচা গন্ধ ছড়িয়ে পড়ে বিমানের পেছনের অংশে। এই দুর্গন্ধ এবং সহযাত্রীর মৃত্যুর খবরে আতঙ্ক ও অস্বস্তিতে কাটে যাত্রীদের বাকি ১২ ঘণ্টা।

লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করার পর প্রায় ৪৫ মিনিট পর্যন্ত যাত্রীদের সিটেই বসে থাকতে হয় পুলিশি তদন্তের খাতিরে। ব্রিটিশ এয়ারওয়েজের পক্ষ থেকে জানানো হয়েছে, মাঝ আকাশে মৃত্যু কোনো জরুরি অবস্থা (Emergency) নয়, তাই তারা নির্ধারিত গন্তব্যে পৌঁছানোর সিদ্ধান্ত নিয়েছিল। যদিও যাত্রীরা এই ১৩ ঘণ্টার অভিজ্ঞতাকে ‘ভয়াবহ’ এবং ‘মানসিকভাবে যন্ত্রণাদায়ক’ বলে বর্ণনা করেছেন। এই ঘটনাটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy