রবিবার ছুটির আমেজে আচমকাই ছন্দপতন হাওড়া ডিভিশনের ট্রেন চলাচলে। ওভারহেড তারে বিদ্যুৎ বিভ্রাটের জেরে প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকল হাওড়া-বর্ধমান মেইন লাইনের ট্রেন চলাচল। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, লাইনের ওভার হেড ইকুইপমেন্টে (OHE) হঠাৎ ‘পাওয়ার অফ’ হয়ে যায়। কারিগরি এই ত্রুটির ফলে মেইন লাইনের আপ ও ডাউন— উভয় পথেই ট্রেন দাঁড়িয়ে পড়ে।
দুপুরবেলা এই বিভ্রাটের জেরে বিভিন্ন স্টেশনে ট্রেনের অপেক্ষায় থাকা যাত্রীদের ভিড় বাড়তে থাকে। বিশেষ করে হুগলি স্টেশনে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। সেখানে ট্রেন চলাচল বন্ধ থাকায় সাময়িকভাবে টিকিট বিক্রিও বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। এর ফলে স্টেশনে আসা সাধারণ যাত্রীরা চরম বিপাকে পড়েন। দীর্ঘক্ষণ কোনো ঘোষণা না থাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে নিত্যযাত্রীদের মধ্যে।
রেল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু করেন। প্রায় ৯০ মিনিট পর বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হলে ধীরে ধীরে ট্রেন চলাচল শুরু হয়। তবে দেড় ঘণ্টা পরিষেবা বন্ধ থাকায় দিনের বাকি সময়ে ট্রেনের সময়সূচিতে তার প্রভাব পড়ে। অনেক ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে বেশ কিছুটা দেরিতে চলায় গন্তব্যে পৌঁছাতে হিমশিম খেতে হয় যাত্রীদের। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, কারিগরি ত্রুটির সঠিক কারণ খতিয়ে দেখা হচ্ছে যাতে ভবিষ্যতে এমন বিভ্রাট এড়ানো যায়।