পরিবেশবান্ধব ‘সবুজ শক্তি’র ব্যবহারে এক নতুন মাইলফলক স্পর্শ করল ভারতীয় রেল। দেশের প্রায় ২,৬০০টিরও বেশি রেল স্টেশন, ওয়ার্কশপ এবং অব্যবহৃত জমিতে সোলার প্যানেল বসিয়ে প্রায় ৮৯৮ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা তৈরি করেছে রেল কর্তৃপক্ষ। এই বিশাল কর্মযজ্ঞের কেন্দ্রে রয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে (NFR), যারা ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত ৩১.৮৯০ মেগাওয়াট পিক (MWp) সৌর সক্ষমতা অর্জন করে তাক লাগিয়ে দিয়েছে।
রেলের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরটি সৌরশক্তির ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই এক বছরেই ২২.৭৩৪ MWp অতিরিক্ত ক্ষমতা যুক্ত হয়েছে। বিশেষ করে লামডিং ডিভিশন ১৩.৩৩৪ MWp এবং রঙিয়া ডিভিশন ৮.৯৪১ MWp ক্ষমতা স্থাপন করে শীর্ষে রয়েছে। এই প্রকল্পের ফলে প্রতি মাসে গড়ে প্রায় ৯.১৮ লক্ষ ইউনিট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে, যার ফলে রেলের কোষাগারে মাসিক সাশ্রয় হচ্ছে প্রায় ৬৮.৮০ লক্ষ টাকা।
ভবিষ্যতের পরিকল্পনা আরও সুদূরপ্রসারী। লামডিং, রঙিয়া, কাটিহার এবং আলিপুরদুয়ার ডিভিশনে আরও ১৯.১৪ MWp সৌর ক্ষমতা তৈরির কাজ দ্রুতগতিতে এগোচ্ছে। রেল কর্তৃপক্ষের দাবি, ২০৩০ সালের মধ্যে ‘নেট জিরো’ নির্গমন অর্জনের যে লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, এই প্রকল্পগুলি তার মেরুদণ্ড হিসেবে কাজ করবে। কার্বন ফুটপ্রিন্ট কমিয়ে পরিবেশ রক্ষা এবং শক্তি খরচ কমিয়ে টেকসই উন্নয়নের পথে ভারতীয় রেল এখন বিশ্বের রোল মডেল।