টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা তিন ম্যাচে হাফ-সেঞ্চুরি হাঁকিয়ে ভারতের জয়ের নায়ক হওয়ার পর থেকেই দেশজুড়ে চলছে সঞ্জু স্যামসন বন্দনা। বর্তমান থেকে প্রাক্তন—সঞ্জুর ব্যাটিং জাদুতে মুগ্ধ সকলেই। এই আবহে কেরলের এই ব্যাটারকে রোহিত শর্মা ও বিরাট কোহলির মতো কিংবদন্তিদের সারিতে বসালেন তাঁরই পুরনো দলের সতীর্থ এবং রাজস্থান রয়্যালসের বর্তমান অধিনায়ক রিয়ান পরাগ।
সঞ্জু স্যামসন এখন চেন্নাই সুপার কিংসের (CSK) সদস্য। গত আইপিএলে চোটের কারণে তাঁর অনুপস্থিতিতে রাজস্থান রয়্যালস নয় নম্বর স্থানে শেষ করেছিল। নতুন মরশুমে রয়্যালস ঘুরে দাঁড়াতে মরিয়া হলেও, রিয়ান পরাগ মনে করেন সঞ্জুর অভাব পূরণ করা অসম্ভব। অনুশীলনের ফাঁকে রিয়ান বলেন, “যেমন ভারতীয় ক্রিকেটে রোহিত শর্মা ও বিরাট কোহলির কোনও বিকল্প হয় না, রাজস্থান রয়্যালসেও সঞ্জু ভাইয়ার কোনও বিকল্প নেই। তাঁর টেকনিক এবং স্কিলসেট অনন্য। আমরা হয়তো তাঁর কাছাকাছি কাউকে পেতে পারি, কিন্তু তাঁর পরিবর্ত নয়।”
দীর্ঘদিন রাজস্থানের সঙ্গে থাকা রিয়ান এবার দলকে নেতৃত্ব দেবেন। নিজের ব্যক্তিগত লক্ষ্য হিসেবে জাতীয় দলে প্রত্যাবর্তনের কথা জানালেও, রিয়ানের প্রধান ফোকাস এখন রয়্যালসকে ট্রফি জেতানো। ২০২৪ সাল থেকে কাঁধের চোটের কারণে জাতীয় দলের বাইরে থাকা এই অসমীয়া অলরাউন্ডার চান সঞ্জুর ফেলে যাওয়া ব্যাটন কাঁধে নিয়ে রাজস্থানকে সাফল্যের শিখরে পৌঁছে দিতে। তবে সঞ্জু ও রোহিত-বিরাটের এই তুলনা ইতিমধ্যেই ক্রিকেট মহলে বিতর্কের ঝড় তুলেছে।