ভুল বিমানে উড়ান! শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঠিক এমনই এক নজিরবিহীন এবং চূড়ান্ত অপেশাদারিত্বের ঘটনা ঘটেছে এয়ার ইন্ডিয়ার দিল্লি থেকে কানাডাগামী ফ্লাইটে। শুক্রবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কানাডার উদ্দেশ্যে রওনা দিয়েছিল AI185 ফ্লাইটটি। কিন্তু আকাশে প্রায় আট ঘণ্টা কাটানোর পর গন্তব্যে পৌঁছানোর বদলে পুনরায় দিল্লিতেই ফিরে আসতে হলো বিমানটিকে।
জানা গেছে, যান্ত্রিক ত্রুটি নয় বরং ভুল মডেলের বিমান ব্যবহারের কারণেই এই বিপত্তি। কানাডাগামী যাত্রীদের জন্য বোয়িং ৭৭৭-২০০এলআর (Boeing 777-200LR) মডেলের একটি বিমানে তোলা হয়েছিল। মাঝ আকাশে যাওয়ার পর কর্তৃপক্ষ বুঝতে পারে যে, নির্দিষ্ট ওই বিমানটির কানাডার আকাশসীমায় প্রবেশের প্রয়োজনীয় আইনি অনুমোদন বা পারমিট নেই। ফলে মাঝ আকাশ থেকেই বিমানটিকে ঘুরিয়ে দিল্লিতে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। টানা ৮ ঘণ্টা বিমানে বসে থাকার পর যাত্রীরা যখন গন্তব্যে পৌঁছানোর আশায় ছিলেন, তখন দিল্লিতে অবতরণ করায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। তবে এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের দাবি, যাত্রীদের নিরাপত্তার খাতিরেই এই সিদ্ধান্ত এবং তাঁদের বিকল্প বিমানে গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।