আইপিএল শুরুর আগেই সানরাইজার্সে বড় বিপর্যয়! প্যাট কামিন্সের পর ছিটকে গেলেন আরও এক অজি তারকা

আইপিএল ২০২৬ শুরু হতে হাতে গোঁজা আর মাত্র কয়েকটা দিন, কিন্তু তার আগেই সানরাইজার্স হায়দরাবাদ শিবিরে ঘনিয়ে এল কালো মেঘ। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স চোটের কারণে টুর্নামেন্টের শুরু থেকে থাকতে পারবেন না— এই ধাক্কা সামলানোর আগেই ছিটকে গেলেন অজি পেস বোলিং অলরাউন্ডার জ্যাক এডওয়ার্ডস। পায়ের পাতার চোটের কারণে পুরো মরসুম থেকেই বিদায় নিতে হল তাঁকে। গত ডিসেম্বরের নিলামে তিন কোটি টাকায় কেনা এই আনক্যাপড বিদেশি ক্রিকেটারকে নিয়ে বড় পরিকল্পনা ছিল অরেঞ্জ ব্রিগেডের, যা এখন বিশ বাঁও জলে।
কামিন্সের অনুপস্থিতিতে ইতিমধ্যেই ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণকে স্টপগ্যাপ অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু এডওয়ার্ডসের মতো ইনফর্ম অলরাউন্ডারের অভাব মেটানো হায়দরাবাদের জন্য বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বিগ ব্যাশ লিগের শেষ মরসুমে ১৩ ম্যাচে ১৯ উইকেট নিয়ে তিনি যে ফর্মের ইঙ্গিত দিয়েছিলেন, তা আইপিএলে কাজে লাগাতে মরিয়া ছিল টিম ম্যানেজমেন্ট।
তবে কেবল হায়দরাবাদ নয়, চোটের গ্রাসে কাঁপছে গোটা আইপিএল। চেন্নাই সুপার কিংসের অজি পেসার নাথান এলিস হ্যামস্ট্রিং চোটের কারণে ছিটকে গেছেন, যা ধোনির দলের ডেথ ওভার বোলিংকে দুশ্চিন্তায় ফেলেছে। অন্যদিকে, গ্রোয়িন ইনজুরির কারণে রাজস্থান রয়্যালস পাচ্ছে না ইংল্যান্ডের তারকা স্যাম কারেনকে। এমনকি দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্ক এবং আরসিবি-র জোশ হ্যাজলউডের অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে ধোঁয়াশা। আগামী ২৮ মার্চ আরসিবি বনাম সানরাইজার্স উদ্বোধনী ম্যাচের আগে এই ‘ইঞ্জুরি লিস্ট’ ফ্র্যাঞ্চাইজিগুলোর কপালে চিন্তার ভাঁজ আরও চওড়া করছে।