২০২৬ বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হতেই রাজ্যজুড়ে শুরু হয়েছে পুলিশের কড়া নজরদারি। এরই মধ্যে শুক্রবার চিনারপার্ক এলাকায় একটি অ্যাপ-ক্যাব থেকে নগদ ২৫ লক্ষ টাকা উদ্ধার করল বিধাননগর থানার পুলিশ। শিয়ালদহ থেকে ধাওয়া করে গাড়িটিকে আটক করার পর তল্লাশিতেই বেরিয়ে আসে থরে থরে সাজানো নোটের বান্ডিল।
পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম সুরেশ ঠাকুর। তিনি গুজরাতের বাসিন্দা। ঘটনার সময় গাড়িতে তাঁর পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। নির্বাচনের ঠিক আগে এত বিপুল পরিমাণ টাকা কোথা থেকে এল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে ঘনীভূত হচ্ছে রহস্য। সুরেশকে ইতিমধ্যই আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রশ্ন উঠছে, এই টাকা কি গুজরাত থেকে আনা হয়েছে নাকি লোকাল কোনও নেটওয়ার্কের মাধ্যমে হাতবদল হচ্ছিল?
উল্লেখ্য, গত বৃহস্পতিবারও কলকাতা ও শিলিগুড়িতে ইডি-র অভিযানে উদ্ধার হয়েছিল প্রায় ১ কোটি টাকার সোনার কয়েন, ১৫ লক্ষ টাকার ক্রিপ্টোকারেন্সি এবং ১০ লক্ষ নগদ টাকা। ভুয়ো কলসেন্টারের আড়ালে আন্তর্জাতিক প্রতারণা চক্রের যোগসূত্রও মিলেছে সেই অভিযানে। ২৩ এবং ২৯ এপ্রিল— দুই দফায় বাংলার ভোটের আগে এই বিপুল পরিমাণ অর্থ ও সোনা উদ্ধার নির্বাচন কমিশনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।