মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে এক অভাবনীয় আবিষ্কারের সাক্ষী থাকল বিশ্ব। বিজ্ঞানীরা মহাকাশের অতল গহ্বরে এমন এক বিশালকায় জলের মেঘের সন্ধান পেয়েছেন, যার আয়তন শুনলে মাথা ঘুরে যাবে। গবেষণায় দেখা গেছে, এই মেঘে পৃথিবীর সমস্ত মহাসাগরে থাকা মোট জলের চেয়ে প্রায় ১৪০ ট্রিলিয়ন গুণ বেশি জলীয় বাষ্প রয়েছে। এই আবিষ্কার মহাকাশে প্রাণের অস্তিত্ব এবং গ্রহের সৃষ্টিতত্ত্ব নিয়ে নতুন করে ভাবাতে শুরু করেছে গবেষকদের।
বিজ্ঞানীরা জানাচ্ছেন, এই বিশাল জলের ভাণ্ডারটি পৃথিবী থেকে প্রায় ১২ বিলিয়ন আলোকবর্ষ দূরে একটি কোয়াসারের (Quasar) চারপাশে অবস্থান করছে। এটি মহাবিশ্বের অন্যতম প্রাচীন জলীয় আধার হিসেবে চিহ্নিত হয়েছে। মহাবিশ্বের বয়স যখন বর্তমানের মাত্র এক-দশমাংশ ছিল, তখনই এই মেঘের সৃষ্টি হয়েছিল বলে ধারণা করা হচ্ছে। কোয়াসারটি থেকে নির্গত প্রচণ্ড শক্তির প্রভাবে এই জলীয় বাষ্প তপ্ত অবস্থায় রয়েছে এবং তা মহাকাশের কয়েকশ আলোকবর্ষ এলাকা জুড়ে বিস্তৃত।
ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকদের মতে, এটি প্রমাণ করে যে মহাবিশ্বের একদম প্রাথমিক পর্যায় থেকেই জলের অস্তিত্ব ছিল। যদিও এই জল তরল অবস্থায় নেই, বরং গ্যাসীয় বা বাষ্প আকারে রয়েছে, তবুও এর বিশালতা বিজ্ঞানীদের স্তম্ভিত করে দিয়েছে। মহাকাশের এই ‘মহাসাগর’ ভবিষ্যতে নক্ষত্র ও গ্রহ সৃষ্টির প্রক্রিয়ায় কী ভূমিকা পালন করে, এখন সেটাই দেখার বিষয়।