২০২৬ বিধানসভা নির্বাচনের জয়ের লক্ষ্যমাত্রা নিয়ে দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। প্রথম দফায় ১৪৪ জন প্রার্থীর নাম ঘোষণার পর, বৃহস্পতিবার আরও ১১১ জন প্রার্থীর নাম প্রকাশ করল দলের কেন্দ্রীয় নেতৃত্ব। তবে এবারের তালিকায় সবথেকে বড় চমক হলো দুটি নির্দিষ্ট বিধানসভা কেন্দ্রে প্রার্থী বদল। দলীয় সূত্রে খবর, রণকৌশলগত কারণেই প্রথম দফার তালিকা থেকে বিষ্ণুপুর এবং জয়পুর—এই দুই কেন্দ্রের ঘোষিত প্রার্থীদের সরিয়ে নতুন মুখ আনা হয়েছে।
দ্বিতীয় দফার এই তালিকায় গুরুত্ব পেয়েছেন অভিজ্ঞ এবং তারকা নেতারা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিককে কোচবিহারের মাথাভাঙা কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে। পাশাপাশি, টলিউড তারকা তথা প্রাক্তন রাজ্যসভার সাংসদ রূপা গাঙ্গুলিকে সোনারপুর দক্ষিণ কেন্দ্র থেকে লড়াইয়ের ময়দানে নামানো হয়েছে। এছাড়াও উত্তর ২৪ পরগনার হিংগলগঞ্জ আসনে এবার বিজেপির বাজি আরজি কর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ রেখা পাত্র। বসিরহাট লোকসভায় লড়াইয়ের পর এবার তাঁকে বিধানসভার লড়াইয়ে পাঠাচ্ছে দল।
অন্যান্য উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছেন নোয়াপাড়া থেকে অর্জুন সিং এবং ব্যারাকপুর থেকে আইনজীবী কৌস্তভ বাগচী। এছাড়াও শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে এগরা কেন্দ্র থেকে প্রার্থী করে অধিকারীদের গড়ে জয়ের ভিত শক্ত করতে চাইছে গেরুয়া শিবির। বিজেপি সূত্রের খবর, বাকি ৪৫টি আসনের নামও খুব দ্রুত ঘোষণা করা হবে। দুই কেন্দ্রে প্রার্থী বদল এবং হেভিওয়েটদের ভিড় দেখে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এবার আসন জয়ের লড়াইয়ে এক ইঞ্চি জমিও তৃণমূলকে ছাড়তে নারাজ বিজেপি।