ভারতীয় বায়ুসেনার (IAF) ভাণ্ডারে যুক্ত হতে চলেছে এক বিধ্বংসী ‘ব্রহ্মাস্ত্র’। আকাশপথে শত্রুশিবিরকে নিমেষে ছারখার করে দিতে এবার ইজরায়েল থেকে ২০০টি ‘ROCKS’ (রকস) ক্ষেপণাস্ত্র কেনার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। এই অত্যাধুনিক ক্ষেপণাস্ত্রটি আকাশ থেকে ভূমিতে নিখুঁত নিশানায় আঘাত হানতে সক্ষম। বিশেষ করে বাঙ্কার এবং মাটির নিচে থাকা শত্রুঘাঁটি ধ্বংস করার ক্ষেত্রে এটি বিশ্বের অন্যতম সেরা হাতিয়ার হিসেবে পরিচিত।
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, ২০০টি ক্ষেপণাস্ত্রের এই বিশাল অর্ডারটি খুব শীঘ্রই চূড়ান্ত করা হবে। সবথেকে বড় বিষয় হলো, প্রাথমিক আমদানির পর এই ক্ষেপণাস্ত্রগুলি ভারতেই তৈরি করার পরিকল্পনা রয়েছে (Make in India)। ইতিমধ্যেই সুখোই Su-30MKI যুদ্ধবিমান থেকে এই মিসাইলের সফল পরীক্ষা চালানো হয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে হওয়া এই পরীক্ষায় ‘ROCKS’ তার বিধ্বংসী ক্ষমতা এবং লক্ষ্যভেদে অভাবনীয় পারদর্শিতা প্রমাণ করেছে।
ইজরায়েলের রাফায়েল অ্যাডভান্সড ডিফেন্স সিস্টেমের তৈরি এই ক্ষেপণাস্ত্রটি জিপিএস ছাড়াই কাজ করতে পারে। ফলে শত্রু যদি জ্যামার ব্যবহার করে সিগন্যাল আটকে দেওয়ার চেষ্টা করে, তাহলেও ‘ROCKS’-এর হামলা ঠেকানো সম্ভব নয়। এই ক্ষেপণাস্ত্রটি বায়ুসেনার হাতে এলে নিয়ন্ত্রণরেখা (LoC) বা প্রকৃত নিয়ন্ত্রণরেখা (LAC) না পেরিয়েই কয়েকশো কিলোমিটার দূরে শত্রুশিবিরে সার্জিক্যাল স্ট্রাইক চালানো সম্ভব হবে। সামরিক বিশেষজ্ঞদের মতে, বালাকোটের মতো হামলার ক্ষেত্রে এই মিসাইল গেম-চেঞ্জার হয়ে উঠতে পারে।