আন্তর্জাতিক জ্বালানি বাজারে এক নজিরবিহীন নাটকীয়তা। চিনের রিজাও (Rizhao) বন্দরের দিকে রওনা হওয়া একটি বিশাল রুশ তেলবাহী জাহাজ ‘অ্যাকোয়া টাইটান’ (Aqua Titan) দক্ষিণ চীন সাগরে আচমকাই ‘ইউ-টার্ন’ নিয়ে ভারতের দিকে যাত্রা শুরু করেছে। শুধু একটি নয়, জাহাজ ট্র্যাকিং সংস্থা ‘ভর্তেক্সা’ (Vortexa)-র রিপোর্ট অনুযায়ী, গত কয়েক দিনে অন্তত সাতটি রুশ তেল ট্যাঙ্কার একইভাবে চিনের বদলে ভারতের দিকে নিজেদের মুখ ঘুরিয়ে নিয়েছে।
কেন এই আকস্মিক ভোলবদল? রাজনৈতিক ও বাণিজ্যিক বিশ্লেষকদের মতে, এই নাটকীয় পরিবর্তনের পিছনে কাজ করছে দুটি প্রধান কারণ:
-
মার্কিন ছাড় (US Waiver): পশ্চিম এশিয়ায় ইরান-ইসরায়েল উত্তেজনার ফলে বিশ্ববাজারে তেলের সরবরাহ ব্যাহত হয়েছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রশাসন ভারতকে সাময়িকভাবে রাশিয়া থেকে বেশি পরিমাণে তেল আমদানির ‘সবুজ সংকেত’ দিয়েছে।
-
ভারতের প্রবল চাহিদা: মধ্যপ্রাচ্য থেকে তেলের সরবরাহ কমে আসায় ভারত দ্রুত বিকল্প খুঁজতে শুরু করেছে। গত মাত্র এক সপ্তাহে ভারতীয় শোধনাগারগুলো প্রায় ৩০ মিলিয়ন ব্যারেল রুশ তেল কিনেছে, যা চিনকেও ছাপিয়ে গেছে।
অ্যাকোয়া টাইটান ও অন্যান্য জাহাজের অবস্থান:
-
অ্যাকোয়া টাইটান: এই আফরাম্যাক্স (Aframax) জাহাজটি গত জানুয়ারিতে বাল্টিক সাগর থেকে যাত্রা শুরু করেছিল। ২১ মার্চ এটি কর্ণাটকের নিউ ম্যাঙ্গালুরু বন্দরে পৌঁছানোর কথা।
-
জুজু এন (Zouzou N): আরেকটি বিশালাকার জাহাজ কাজাখস্তানের তেল নিয়ে চিনের বদলে এখন ভারতের সিক্কা (Sikka) বন্দরের দিকে এগিয়ে আসছে, যা ২৫ মার্চ পৌঁছাতে পারে।
চিনের প্রতিক্রিয়া ও ভারতের জয়: চিন এতকাল রাশিয়ার তেলের সবথেকে বড় খরিদ্দার থাকলেও, বর্তমানে ভারতের আগ্রাসী ক্রয়নীতি এবং কৌশলগত অবস্থানের কারণে তারা কিছুটা ব্যাকফুটে। ভারত মূলত সস্তায় বা ডিসকাউন্টে রুশ তেল কিনে নিজেদের মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। তবে ভারত সরকারের শীর্ষ আধিকারিকরা এই জাহাজ ডাইভারশনের খবর নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি।