বাংলা টেলিভিশন জগতের অন্যতম সফল এবং শক্তিশালী কলম থেমে গেল চিরতরে। ‘সাধক বামাক্ষ্যাপা’ থেকে ‘মহাপীঠ তারাপীঠ’—পৌরাণিক ও ঐতিহাসিক গল্পের জাদুকর ঋতম ঘোষাল আর নেই। আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন তিনি। তাঁর এই অকাল প্রয়াণে শোকাতুর টলিপাড়ার অভিনেতা থেকে শুরু করে পর্দার পেছনের কলাকুশলীরা।
পারিবারিক সূত্রে জানা গিয়েছে, স্ত্রী ও কন্যাকে নিয়ে পুরী ভ্রমণে গিয়েছিলেন ঋতম। সেখান থেকে নিজস্ব গাড়িতে কলকাতা ফেরার পথেই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। কলকাতায় এনে তড়িঘড়ি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানিয়েছেন, ‘পারপিচুয়াল কার্ডিয়াক অ্যারেস্ট’-এর কারণেই তাঁর মৃত্যু হয়েছে। ঋতমের দীর্ঘদিনের বন্ধু তথা গবেষক-লেখক শিবাশিস বন্দ্যোপাধ্যায় আবেগপ্রবণ হয়ে জানান, “একত্রে একটি বড় প্রজেক্ট শুরু করার কথা ছিল আমাদের। কাজটা হবে, কিন্তু ঋতমকে ছাড়াই।”
অভিনেত্রী সোনালী চৌধুরী স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “ঋতম দা ছিলেন অসম্ভব বিনয়ী এবং সদাহাস্যময় এক মানুষ। পৌরাণিক কোনো কাজের কথা উঠলে সবার আগে ওঁর নামই মাথায় আসত। ওঁর অভাব পূরণ হওয়া অসম্ভব।” ‘দেবী চৌধুরানী’ বা ‘কৃষ্ণ’-র মতো জনপ্রিয় ধারাবাহিকেও ঋতমের লেখনী দর্শকদের মুগ্ধ করেছিল। তাঁর মৃত্যুতে বাংলা বিনোদন দুনিয়ায় এক বিশাল শূন্যতার সৃষ্টি হলো।