বাংলার বিধানসভা নির্বাচনের সবথেকে বড় মহারণ এবার নন্দীগ্রামে! কিছুক্ষণ পরেই মমতা বন্দ্যোপাধ্যায় ২৯৪টি আসনের প্রার্থী তালিকা ঘোষণা করতে চলেছেন। তবে ঘোষণার আগেই ফাঁস হয়ে গিয়েছে তৃণমূলের ‘গোপন’ স্ট্রাটেজি। সূত্রের খবর, নন্দীগ্রামে এবার শুভেন্দু অধিকারীকে তাঁরই এককালীন ঘনিষ্ঠ নেতা পবিত্র কর (Pabittra Kar)-কে দিয়ে চ্যালেঞ্জ জানাতে চলেছে ঘাসফুল শিবির।
২০২০ সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া পবিত্র কর নন্দীগ্রামের ১ ও ২ নম্বর ব্লকে বিজেপির লিড বাড়ানোর কারিগর ছিলেন। এবার সেই ‘ঘরের ছেলে’কেই ঘরের মাঠে শুভেন্দুর বিরুদ্ধে তুরুপের তাস করছেন মমতা। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে জল্পনা থাকলেও, শেষ মুহূর্তে স্থানীয় আবেগকে কাজে লাগিয়ে শুভেন্দুকে চাপে রাখতেই এই সিদ্ধান্ত।
তৃণমূলের তালিকায় এবার বড়সড় ‘সার্জারি’র ইঙ্গিত মিলেছে। প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় টিকিট পাচ্ছেন না, তা প্রায় নিশ্চিত। চমক হিসেবে ফিরে আসতে পারেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। বালিগঞ্জ বা বেহালা পশ্চিমে তাঁর নাম নিয়ে জোর গুঞ্জন চলছে। পাশাপাশি টলিউড তারকা পরমব্রত চট্টোপাধ্যায় এবং রাজ চক্রবর্তীর মতো নামগুলোও তালিকায় চূড়ান্ত হতে পারে। তৃণমূলের লক্ষ্য পরিষ্কার— নন্দীগ্রামে শুভেন্দুকে আটকে রেখে দক্ষিণ কলকাতায় তাঁকে কোণঠাসা করা।