“বিজেপি এখন একটা কর্পোরেট দল!” টিকিট না পেয়েই পদ্ম ছাড়লেন একুশের লড়াকু প্রার্থী

বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই আদি-নব্য দ্বন্দ্বে ফুটছে পূর্ব মেদিনীপুর। সোমবার মহিষাদল বিধানসভা কেন্দ্রে সুভাষচন্দ্র পাঁজার নাম প্রার্থী হিসেবে ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়লেন দলের একাংশ। এর পরেই দল ছাড়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন ২০২১ সালের বিজেপি প্রার্থী তথা তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য বিশ্বনাথ বন্দ্যোপাধ্যায়। জেলা ও রাজ্য সভাপতিকে ইতিমধ্যেই পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি।

ইস্তফা দিয়ে বিশ্বনাথবাবুর বিস্ফোরক দাবি, “বিজেপি এখন আর রাজনৈতিক দল নেই, এটা একটা কর্পোরেট সংস্থায় পরিণত হয়েছে।” তাঁর অভিযোগ, যারা এলাকায় বড় ঠিকাদার বা কোটিপতি, তাঁদেরই অগ্রাধিকার দিচ্ছে দল। গত ১৩ বছর ধরে দলের জন্য কাজ করলেও যোগ্য সম্মান মেলেনি বলে ক্ষোভ উগরে দিয়েছেন তিনি। তাঁর স্পষ্ট কথা, “কোনো লড়াকু কর্মীকে প্রার্থী করলে আপত্তি ছিল না, কিন্তু টাকা দেখে টিকিট দেওয়ায় আমি আর এই দলের সাথে নেই।”

এই ঘটনায় বিজেপির অস্বস্তি বাড়িয়ে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তমলুক সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক শিবনাথ সরকার বলেন, “বিজেপি যে গুজরাটিদের দ্বারা পরিচালিত এবং তারা ব্যবসা ছাড়া কিছু বোঝে না, এটা তার প্রমাণ। ঠিকাদার আর সোনা ব্যবসায়ীদের প্রার্থী করে বিজেপি বুঝিয়ে দিল তারা কর্মীদের মূল্য দেয় না।” সব মিলিয়ে ভোটের আগেই মহিষাদলে পদ্ম শিবিরের ভাঙন এখন রাজ্য রাজনীতির হট টপিক।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy