চব্বিশের লোকসভা ভোটে সৃজন ভট্টাচার্য লড়লেও, ছাব্বিশের বিধানসভা নির্বাচনে যাদবপুর পুনরুদ্ধারে অভিজ্ঞ আইনজীবী তথা কলকাতার প্রাক্তন মেয়র বিকাশরঞ্জন ভট্টাচার্যকেই প্রার্থী করল সিপিএম। সোমবার বিকেলে নাম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই হুডখোলা গাড়িতে চড়ে প্রচারে নেমে পড়েন তিনি। মিছিলে তাঁর পাশে দেখা যায় বিমান বসু, সুজন চক্রবর্তী ও সৃজন ভট্টাচার্যকে। মহম্মদ সেলিম জানিয়েছেন, ২৯৪টি আসনেই আঞ্চলিক ইস্যু এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার মতো বিষয়কে সামনে রেখে ঝাঁপাবে বামেরা।
তবে প্রার্থী তালিকা ঘোষণা হতেই ফাটল ধরেছে বাম ঐক্যে। আলিমুদ্দিনের একতরফা সিদ্ধান্তের অভিযোগে ক্ষুব্ধ শরিক দল সারা ভারত ফরওয়ার্ড ব্লক। দলের রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় বিমান বসুকে চিঠি দিয়ে জানিয়েছেন, কোচবিহার উত্তর, জলপাইগুড়ি ও গলসির মতো একাধিক কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের দাবি উড়িয়ে সিপিএম নিজেদের প্রার্থী দিয়েছে। এই ‘একতরফা’ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে এবং বাম ঐক্যের স্বার্থে তালিকা পুনর্বিবেচনার দাবি তুলেছেন তিনি। ভোটের আগেই শরিকি এই বিবাদ আলিমুদ্দিনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।