সপ্তম বেতন কমিশনের দিন ফুরিয়ে এল। এখন সবার নজর ‘অষ্টম বেতন কমিশন’-এর দিকে। ২০২৫ সালের ৩ নভেম্বর গঠিত এই নতুন কমিশনকে আগামী ১৮ মাসের মধ্যে তাদের চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। এর ফলে দেশের ৫০ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং ৬৯ লক্ষ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন।
বিশেষজ্ঞদের মতে, অষ্টম বেতন কমিশন কার্যকর হলে বেতন ২০ থেকে ৩৫ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ফিটমেন্ট ফ্যাক্টর ২.৪ থেকে ৩.০-এর মধ্যে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। আগে ষষ্ঠ বেতন কমিশনের সময় গড় বৃদ্ধি ছিল প্রায় ৪০ শতাংশ এবং সপ্তম কমিশনের সময় ছিল ২৩-২৫ শতাংশ। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে মুদ্রাস্ফীতি এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতির ওপর। ২০২৬ সালের ৩০ এপ্রিল পর্যন্ত সরকার এই বিষয়ে পরামর্শ গ্রহণের জন্য একটি অনলাইন পোর্টালও চালু করেছে। সবকিছু ঠিক থাকলে, ২০২৬ সালের জানুয়ারি থেকেই এই নয়া বেতন কাঠামো কার্যকর হতে পারে।