মাঠ ভরা সোনালী ফসল, যা কৃষকের রক্ত জল করা পরিশ্রমের প্রতীক। কিন্তু সেই ফসল ঘরে তোলার আগেই হানা দিচ্ছে বাঁদরের দল। অতিষ্ঠ উত্তরপ্রদেশের সম্ভল জেলার ফিরোজপুর গ্রামের কৃষকরা এবার ফসল বাঁচাতে বেছে নিয়েছেন এক অভিনব ও অদ্ভুত পথ। তপ্ত রোদেও গায়ে কালো লোমশ পোশাক আর মুখে ভয়ংকর মুখোশ পরে ‘ভাল্লুক’ সেজে ক্ষেতে পাহারা দিচ্ছেন তাঁরা।
দেখতে মজার মনে হলেও, এই গরমে ভারী ভাল্লুকের পোশাক পরে সারাদিন মাঠে ঘুরে বেড়ানো রীতিমতো যন্ত্রণাদায়ক। কৃষকদের দাবি, মানুষ দেখে এখন আর বাঁদররা ভয় পায় না, বরং সুযোগ পেলেই ফসল তছনছ করে দেয়। কিন্তু ‘ভাল্লুক’ দেখলে তারা ধারেকাছে ঘেঁষার সাহস পাচ্ছে না। নিজের জীবন ও জীবিকা বাঁচাতে তাই এই চরম কষ্ট সহ্য করেই ‘ভাল্লুক’ সেজেছেন কৃষকরা। অভিনব এই কৌশলে ফসল রক্ষা পাওয়ায় মুখে হাসি ফুটেছে গ্রামের অন্নদাতাদের।