আজকের প্রতিবাদ মিছিল শেষে ডোরিনা ক্রসিংয়ের জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি বিজেপিকে নিশানা করে বলেন, “বিজেপির দেওয়া গ্যাস খেয়ে কেউ গ্যাস বেলুন হবেন না। কারণ ওই বেলুন একবার ফুটো হলে আর কোথাও খুঁজে পাওয়া যাবে না।” মূলত ভোটের আগে রান্নার গ্যাসের দাম সামান্য কমানোকে কটাক্ষ করতেই এই উপমা ব্যবহার করেন তিনি। তাঁর দাবি, সারা বছর মানুষের পকেট কেটে এখন নির্বাচনের মুখে ‘ললিপপ’ দেখাচ্ছে কেন্দ্র।
এদিন নিজের দলের শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে মমতা বলেন, “গোটা ভারতে তৃণমূলের মতো লড়াকু দল আর দ্বিতীয়টি নেই। আমরা মানুষের সাথে থাকি, তাই আমাদের ভয় দেখিয়ে লাভ নেই।” এদিনের মিছিলে রান্নার গ্যাসের খালি সিলিন্ডার নিয়ে বহু মহিলা কর্মীকে পা মেলাতে দেখা যায়। মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দেন, ২০২৬-এর নির্বাচনে গ্যাসের দাম ও সাধারণ মানুষের জীবনযাত্রার মানই হবে তাঁর প্রধান হাতিয়ার।