২০২৬ বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই মুর্শিদাবাদের মাটিতে শুরু হয়ে গেল হাইভোল্টেজ রাজনৈতিক লড়াই। তবে এবারের লড়াই কেবল আদর্শের নয়, বরং ‘গুরু’ বনাম ‘শিষ্য’-র। একদিকে বহরমপুরের দীর্ঘদিনের বেতাজ বাদশা অধীর চৌধুরী, অন্যদিকে তাঁরই একদা ভাবশিষ্য তথা বর্তমান পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখোপাধ্যায়। এই দুই হেভিওয়েটের কাজিয়ায় এখন নাজেহাল সাধারণ মানুষ, কারণ বন্ধ হয়ে গিয়েছে অধীরের স্বেচ্ছাসেবী সংস্থার জনপ্রিয় পানীয় জল প্রকল্প।
ঘটনার সূত্রপাত একটি ১০ কোটি টাকার টেন্ডার ঘিরে। অধীর চৌধুরী সাংবাদিক বৈঠক করে অভিযোগ করেন, নাড়ুগোপাল বাবু ক্ষমতার অপব্যবহার করে নিজের শাশুড়ির সংস্থাকে বেআইনিভাবে এই টেন্ডার পাইয়ে দিয়েছেন। পাল্টা আক্রমণ শানাতে দেরি করেননি নাড়ুগোপালও। তিনি দাবি করেন, তাঁর শাশুড়ি অনেক আগেই সেই সংস্থা বিক্রি করে দিয়েছেন। পালটা হিসেবে তিনি অধীর চৌধুরীর ‘লালন সেবা সমিতি’র জল প্রকল্প বন্ধ করে দেন এবং কংগ্রেস নেতার বিরুদ্ধে একাধিক ‘কুকীর্তি’ ফাঁসের হুঁশিয়ারি দেন। রাজনৈতিক মহলের মতে, ২০২৪-এর লোকসভায় হারের পর অধীর যখন ঘুরে দাঁড়াতে মরিয়া, তখন নাড়ুগোপালের এই আক্রমণ বহরমপুরের ভোট সমীকরণকে আরও জটিল করে তুলল।