রেলের নিরাপত্তায় এবার প্রাক্তন সেনানিরা! শিয়ালদহ ডিভিশনের সঙ্গে AWPO-এর ঐতিহাসিক চুক্তি

রেল পরিচালনার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে এবং অবসরপ্রাপ্ত সেনা সদস্যদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করল পূর্ব রেলের শিয়ালদহ ডিভিশন। এই লক্ষ্যে সম্প্রতি ‘আর্মি ওয়েলফেয়ার প্লেসমেন্ট অর্গানাইজেশন’ (AWPO)-এর সঙ্গে একটি মউ (MoU) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় ডিভিশনের বিভিন্ন স্টেশনে ১৬ জন পয়েন্টসম্যান পদে প্রাক্তন সেনা সদস্যদের নিয়োগ করা হবে।

রেল সূত্রে খবর, নিরাপত্তা ও ট্রেন পরিচালনার ক্ষেত্রে জনবলের ঘাটতি মেটাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাক্তন সেনাদের অসাধারণ শৃঙ্খলা, অভিজ্ঞতা এবং পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে রেলের অপারেশনাল মান উন্নত করাই এই চুক্তির মূল লক্ষ্য। নিযুক্ত কর্মীরা রেলের স্টেশন ওয়ার্কিং রুলস (SWR) এবং জেনারেল অ্যান্ড সাবসিডিয়ারি রুলস (G&SR) মেনে ট্রেনের নিরাপদ চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। ট্র্যাক পয়েন্টের সঠিক ব্যবস্থাপনা এবং নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলাই হবে তাঁদের মূল কাজ।

এই নিয়োগ আপাতত এক বছরের জন্য অথবা রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের (RRC) মাধ্যমে নিয়মিত নিয়োগ সম্পন্ন না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম দফতরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে এই চুক্তি স্বাক্ষরিত হয়। রেলের অপারেশনাল প্রয়োজনে ভারতীয় সেনাবাহিনীর এই অভিজ্ঞতা ও শৃঙ্খলা যাত্রী সুরক্ষার ক্ষেত্রে এক নয়া দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy