ইরান-ইসরায়েল উত্তেজনার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য। সামরিক সংঘাতের আশঙ্কায় বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ ‘হরমুজ প্রণালী’ বন্ধ করে দিয়েছিল ইরান। এমন সংকটপূর্ণ মুহূর্তেও ভারতের দুই গ্যাসবাহী জাহাজ ‘শিবালিক’ ও ‘নন্দা দেবী’ নিরাপদে ওই পথ অতিক্রম করে ভারতের পথে রওনা দিয়েছে। প্রায় ৯২ হাজার টনের বেশি এলপিজি নিয়ে আসা জাহাজ দুটির এই নিরাপদ যাত্রা ভারতের কূটনৈতিক বড় জয় হিসেবেই দেখছে বিশেষজ্ঞ মহল।
ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর জানিয়েছেন, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করাই ভারতের পররাষ্ট্রনীতির মূল ভিত্তি। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে চার দফা ফোনালাপের মাধ্যমেই এই পথ সুগম হয়েছে। জয়শঙ্কর স্পষ্ট করেছেন, এর জন্য কোনো বিশেষ চুক্তি বা বিনিময় করতে হয়নি, বরং দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জেরেই ইরান ভারতের জন্য এই ছাড় দিয়েছে।
তবে উদ্বেগ পুরোপুরি কাটেনি। হরমুজ অঞ্চলে এখনও ভারতের আরও বেশ কিছু জাহাজ রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে সাউথ ব্লক। উল্লেখ্য, বিশ্বজুড়ে মোট জ্বালানি সরবরাহের প্রায় ২০ শতাংশ এই পথ দিয়েই হয়। হরমুজ বন্ধ থাকায় জ্বালানি বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাতে ভারতের গৃহস্থালি ও পরিবহন খাতে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে সরকার বিশেষ অগ্রাধিকার দিচ্ছে। শিল্পখাতে কিছুটা প্রভাব পড়লেও, কূটনৈতিক তৎপরতায় বড় কোনো সংকটের হাত থেকে বাঁচল ভারত।