হেঁশেল যুদ্ধের আঁচ ভোটের ময়দানে, এলপিজি সংকটের প্রতিবাদে সোমবার বিকেলে রাজপথে তৃণমূলের মহামিছিল!

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পরেই রাজ্যজুড়ে রান্নার গ্যাসের তীব্র সংকট ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধি সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস তুলে দিয়েছে। এই পরিস্থিতিতে আজ, সোমবার বিকেলে কলেজ স্কোয়ার থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এক বিশাল প্রতিবাদ মিছিলে নেতৃত্ব দিতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

ইরান-ইজরায়েল সংঘাতের জেরে জ্বালানি সরবরাহ বিঘ্নিত হওয়ায় দেশজুড়ে এলপিজি ও সিএনজির ব্যাপক হাহাকার তৈরি হয়েছে। গৃহস্থের রান্নাঘর থেকে শুরু করে মিড-ডে মিল, হাসপাতাল, কলেজ ক্যান্টিন—সবক্ষেত্রেই রান্নার কাজে চরম ব্যাঘাত ঘটছে। গ্যাস বুকিংয়ের ক্ষেত্রে কেন্দ্রের নতুন নিয়ম—শহরের জন্য ২৫ দিন ও গ্রামের জন্য ৪৫ দিনের ব্যবধান—মানুষের মধ্যে বাড়তি আতঙ্ক তৈরি করেছে। পেট্রোল পাম্পগুলোতেও তেল-গ্যাসের জন্য দীর্ঘ লাইন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের ঠিক মুখে গ্যাসের এই সংকটকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কৌশলগতভাবে একটি বড় নির্বাচনী ইস্যু হিসেবে তুলে ধরছেন। তৃণমূল নেত্রীর দাবি, এই সংকট সাধারণ মানুষের জীবনে যে গভীর প্রভাব ফেলেছে, তার দায় পুরোপুরি কেন্দ্র সরকারের। ভোটের প্রচারের শুরুতে এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি কেন্দ্রকে কোণঠাসা করাই তৃণমূলের প্রধান লক্ষ্য বলে মনে করা হচ্ছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy