মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষমতায় আসার পর থেকে রাজ্যে একের পর এক জনকল্যাণমুখী প্রকল্প চালু হয়েছে। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, যুবশ্রী ও বার্ধক্য ভাতার মতো প্রকল্পগুলোর মাধ্যমে প্রতি মাসে রাজ্যের সাধারণ মানুষ আর্থিক সহায়তা পেয়ে আসছেন। এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হলো ‘লক্ষ্মীর ভাণ্ডার’। তবে এবার এই প্রকল্প নিয়ে বিশেষ সতর্কতা জারি করল প্রশাসন।
শোনা যাচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডারের স্বচ্ছতা বজায় রাখতে ফের শুরু হতে চলেছে কঠোর যাচাই প্রক্রিয়া (Verification Process)। প্রশাসন সূত্রে খবর, যাচাইয়ের পর নিয়ম বহির্ভূত হাজার হাজার অ্যাকাউন্ট বাতিল হতে পারে। নতুন নির্দেশিকা অনুযায়ী, ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলারা যারা এই সুবিধা পান, তাদের তথ্যের সঠিকতা যাচাই করা হবে। বয়সের শর্ত যারা পূরণ করবেন না, তাদের নাম তালিকা থেকে বাদ যেতে পারে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক। প্রশাসনের তরফে জানানো হয়েছে, যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর লিঙ্ক করা নেই, তারা আর ভাতা পাবেন না। তাই সুবিধা চালু রাখতে দ্রুত ব্যাঙ্ক ও আধার সংযুক্তিকরণ সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে। সরকারের এই কড়া পদক্ষেপের ফলে অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে প্রকৃত প্রাপকদের সুবিধাই নিশ্চিত করা হবে বলে মনে করা হচ্ছে।