“ব্যবহার করে ফেলে দিয়েছে তৃণমূল”, দলত্যাগী আরাবুলকে নিয়ে বিস্ফোরক মন্তব্য নওশাদ সিদ্দিকীর

ভোটের মুখে ভাঙড়ের রাজনীতিতে বড়সড় ভূমিকম্প! দীর্ঘদিনের মান-অভিমান আর দলের অন্দরে ‘কোণঠাসা’ হওয়ার যন্ত্রণায় তৃণমূল কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিলেন প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম। সোমবার এক আবেগঘন বার্তায় তিনি সাফ জানান, “আরাবুল ইসলামকে দল বুঝল না। পাঁচ বার কেস খেয়েছি, তিনবার বহিষ্কার হয়েছি। সেই দুঃখেই আজ ইস্তফা দিচ্ছি।”

সূত্রের খবর, ভাঙড়ে শওকত মোল্লাকে বাড়তি গুরুত্ব দেওয়া এবং দলের অন্দরে নিজের আধিপত্য হারানোর ফলেই এই চরম সিদ্ধান্ত। পঞ্চায়েত ভোট থেকে শুরু করে দলের প্রতিষ্ঠা দিবস—বারবার শওকত বনাম আরাবুল গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে এসেছে। এবার সেই লড়াইয়ের পরিণতি হিসেবেই ‘তাজা নেতা’র এই দলত্যাগ। তবে রাজনৈতিক মহলে সবচেয়ে বড় চর্চা আরাবুলের পরবর্তী গন্তব্য নিয়ে। শোনা যাচ্ছে, আজই ফুরফুরা শরিফে যাচ্ছেন তিনি এবং মঙ্গলবার নওশাদ সিদ্দিকীর দল ISF-এ যোগ দিতে পারেন।

এই প্রসঙ্গে নওশাদ সিদ্দিকী কটাক্ষের সুরে বলেন, “তৃণমূল ওঁকে ব্যবহার করে ফেলে দিয়েছে। আমাদের জেলা স্তরের নেতাদের সঙ্গে উনি যোগাযোগ করেছেন এবং আইএসএফ-এ যোগদানের ইচ্ছা প্রকাশ করেছেন।” যদিও আরাবুল নিজে এখনই সবটা খোলসা করেননি, শুধু জানিয়েছেন— দু-একদিনের মধ্যেই যা হওয়ার হবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy