২০২৬-এর বিধানসভা নির্বাচনের দামামা বাজতেই তপ্ত বাংলার রাজনীতি। রবিবার নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হওয়ার ঠিক পরেই বামফ্রন্টের পক্ষ থেকে সুর চড়ালেন সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। তৃণমূল সরকার এবং নির্বাচন কমিশন— উভয় পক্ষকেই কড়া ভাষায় বিঁধলেন তিনি। সেলিমের সাফ কথা, “আমরা এই সরকারের দফারফা করতে চেয়েছি।”
কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন সাংবাদিক সম্মেলনে মহম্মদ সেলিম নির্বাচন কমিশনের কার্যকারিতা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন। তিনি অভিযোগ করেন, যারা আজ পর্যন্ত একটি ‘সুস্থ’ বা নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে পারল না, তারা কীভাবে রাজ্যে অবাধ ও নিরপেক্ষ ভোট করাবে? কমিশনের দায়িত্ব মনে করিয়ে দিয়ে তিনি বলেন, সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষা করাই আসল কাজ, যা নিয়ে বর্তমানে চরম সংশয় রয়েছে।
সরকারকে আক্রমণ তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে সেলিম জানান, এই নির্বাচন কেবল সরকার পরিবর্তনের লড়াই নয়, বরং এক অগণতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটানোর লড়াই। বামেদের লক্ষ্য যে এই সরকারকে সমূলে উৎখাত করা, তা এদিন তাঁর মন্তব্যে আরও স্পষ্ট হয়েছে। নির্ঘণ্ট প্রকাশের দিনেই সেলিমের এই আক্রমণাত্মক মেজাজ বুঝিয়ে দিচ্ছে, ২০২৬-এর লড়াইয়ে এক ইঞ্চি জমিও ছাড়বে না আলিমুদ্দিন।