পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬-এর নির্ঘণ্ট প্রকাশ হতেই রাজ্য রাজনীতিতে বড়সড় ধামাকা দিল বিজেপি। রবিবার নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিক বৈঠক করে শাসকদল তৃণমূলকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়লেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে মহিলাদের জন্য মাসিক ভাতার পরিমাণ এক লাফে বাড়িয়ে ৩,০০০ টাকা করা হবে।
চাকরিহারা ও বেকারদের জন্য ‘মেগা’ আশ্বাস এদিন শমীক ভট্টাচার্য কেবল মহিলাদের জন্যই নয়, রাজ্যের জ্বলন্ত ইস্যু ‘বেকারত্ব’ নিয়েও বড় প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি জানান, “বিজেপি সরকার গড়লে নিয়োগ প্রক্রিয়ায় বঞ্চিত এবং চাকরিপ্রার্থীদের জন্য বয়সের ঊর্ধ্বসীমায় ৫ বছরের ছাড় দেওয়া হবে।” বিশেষ করে আইনি জটিলতায় যারা চাকরি খুইয়েছেন বা দীর্ঘদিন নিয়োগের অপেক্ষায় বসে আছেন, তাঁদের প্রতি সহানুভূতি জানিয়ে এই বড় চাল চালল গেরুয়া শিবির।
লক্ষ্মীর ভাণ্ডারের পাল্টা ‘বিজেপি মডেল’? বর্তমানে তৃণমূল সরকারের ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প রাজ্যের মহিলাদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়। রাজনৈতিক মহলের মতে, সেই জনপ্রিয়তায় থাবা বসাতেই ৩,০০০ টাকার এই প্রতিশ্রুতি। এর আগে রাজ্য বাজেটে তৃণমূল ভাতা বৃদ্ধির কথা বললেও, বিজেপি সরাসরি ৩,০০০ টাকার কার্ড খেলে খেলা ঘুরিয়ে দিতে চাইছে।
ভোটের দিনক্ষণ ও পরিস্থিতি নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী, আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দু’টি দফায় ভোট হবে বাংলায়। ফলাফল ৪ মে। শমীক ভট্টাচার্যের এই ঘোষণার পর রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। তৃণমূলের দাবি, এগুলো নিছকই নির্বাচনী গিমিক। তবে সাধারণ মানুষের মধ্যে বিশেষ করে চাকরিপ্রার্থী এবং মহিলাদের অন্দরমহলে এই নিয়ে চর্চা শুরু হয়ে গেছে।