দাক্ষিণাত্যের মেগাস্টার থালাপ্যাথি বিজয় এবং তৃষা কৃষ্ণানের সম্পর্কের রসায়ন নিয়ে গত দুই দশক ধরে চর্চা চলছে। ‘গিলি’ থেকে ‘লিও’—তাঁদের অনস্ক্রিন ম্যাজিক বারবার দর্শকদের মুগ্ধ করেছে। তবে এবারের জল্পনা কোনো সিনেমার প্রচার নয়, বরং বাস্তব জীবনের পরিণতি নিয়ে। সম্প্রতি বিজয়ের মা শোভা চন্দ্রশেখরের একটি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি এই জল্পনাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে।
ঘটনাটি ঠিক কী? ইনস্টাগ্রামে জনৈক এক অনুরাগী বিজয় ও তৃষার বিয়ের সম্ভাবনা নিয়ে একটি ফ্যান-মেড পোস্ট শেয়ার করেছিলেন। সেখানে দাবি করা হয়েছিল যে, শীঘ্রই এই জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। সবাইকে অবাক করে দিয়ে বিজয়ের মা শোভা সেই পোস্টে ‘লাইক’ দেন। নেটিজেনদের নজর এড়ায়নি এই বিষয়টি। মুহূর্তের মধ্যে সেই স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়। ভক্তদের দাবি, মায়ের এই সম্মতি আসলে এই সম্পর্কের প্রতি সবুজ সংকেত।
বিজয় ও তৃষার সমীকরণ: বিজয় এবং তাঁর স্ত্রী সঙ্গীতার মধ্যে বিচ্ছেদের খবর নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন চলছে, যদিও কোনো পক্ষই তা স্বীকার করেনি। অন্যদিকে, তৃষাও এখনও অবিবাহিত। দীর্ঘ সময় পর ‘লিও’ ছবিতে তাঁদের পুনর্মিলন ভক্তদের মনে নতুন আশার জন্ম দিয়েছিল। এখন বিজয় রাজনীতিতে সক্রিয় হওয়ার পথে, এই সময়ে তৃষার মতো একজন দীর্ঘদিনের বন্ধু ও সহকর্মীকে পাশে পাওয়া তাঁর ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনের জন্য কতটা ইতিবাচক হবে, তা নিয়েও চলছে চুলচেরা বিশ্লেষণ। যদিও বিজয় বা তৃষা কেউই এই নিয়ে মুখ খোলেননি, তবুও মায়ের এই একটি ‘লাইক’ দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।